Genz Slang: জেন-জির মুখে মুখে ভাইরাল এই শব্দগুলি, মানে জানেন তো?
কলকাতা: আজকের তরুণ প্রজন্মের কথাবার্তা শুনলে অনেক সময় মনে হতে পারে, এ আবার কেমন ভাষা! কথার মাঝে ‘Slay’, ‘Flex’, ‘Rizz’ কিংবা ‘No Cap’. এমন সব শব্দ অনায়াসে ব্যবহার করছে জেন-জি। শুধু বন্ধুদের আড্ডায় নয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের কমেন্ট থেকে শুরু করে রিলসের ক্যাপশনেও হামেশাই দেখা যায় এই শব্দগুলো। কিন্তু জানেন কি, এই ছোট ছোট শব্দের আড়ালেই লুকিয়ে রয়েছে নানা অনুভূতি, মজা আর নিজস্ব স্টাইল?আসলে ইন্টারনেটের যুগে কথা বলার ধরন অনেকটাই বদলে গিয়েছে। এখন লম্বা বাক্যে মনের কথা বোঝানোর বদলে কয়েকটা শব্দেই নিজের অনুভূতি প্রকাশ করতে পছন্দ করে নতুন প্রজন্ম। কখনও মজা করে, কখনও কাউকে প্রশংসা করতে, আবার কখনও কোনও পরিস্থিতি নিয়ে নিজের মতামত জানাতে ব্যবহার হচ্ছে এই স্ল্যাংগুলি। মিম, ভাইরাল ভিডিও আর সোশ্যাল মিডিয়ার হাত ধরেই এই শব্দগুলো দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে।ধরুন, কেউ নতুন পোশাক পরে ছবি পোস্ট করেছেন। সেখানে বন্ধুর কমেন্ট, ‘Slay!’ অর্থাৎ, দারুণ লাগছে! আবার কেউ নিজের নতুন ফোন কিংবা কোনও সাফল্য নিয়ে বেশ গর্ব করে পোস্ট করলেন। তখন বলা যেতে পারে, তিনি একটু ‘Flex’ করছেন। সহজ কথায়, নিজের কোনও অর্জন বা পছন্দের জিনিস দেখিয়ে গর্ব প্রকাশ করাই হল ফ্লেক্স করা।আবার কারও ব্যক্তিত্ব কিংবা উপস্থিতি যদি সহজেই নজর কাড়ে, তাহলে তাঁর মধ্যে রয়েছে ‘Aura’! আর কারও পোশাকের স্টাইল দুর্দান্ত হলে ব্যবহার করা হয় ‘Drip’ শব্দটি। অন্যদিকে, ‘Vibe’ বলতে বোঝায় কোনও মানুষ, জায়গা কিংবা পরিস্থিতির বিশেষ অনুভূতি। যেমন, বন্ধুর সঙ্গে আড্ডা দিতে দিতে মনে হল, পরিবেশটা বেশ ভালো! ব্যস, বলে দেওয়া যায়, ‘দারুণ ভাইব!’এবার আসা যাক একটু অন্য ধরনের শব্দে। কেউ যদি মিথ্যা কথা বলেন, তাহলে জেন-জির ভাষায় সেটা ‘Cap’। আর ‘No Cap’ মানে একেবারে সত্যি কথা, কোনও মিথ্যে নয়। কোনও কিছু সন্দেহজনক মনে হলে বলা হয় ‘Suss’। অন্যদিকে, ‘Bet’ শব্দটি ব্যবহার করা হয় সম্মতি জানাতে। অর্থাৎ, কেউ কোনও পরিকল্পনার কথা বললে উত্তরে ‘Bet’ বলে বোঝানো যেতে পারে, যে রাজি আছি!বন্ধুদের আড্ডায় গসিপ হবে আর তার জন্য আলাদা শব্দ থাকবে না, তা কি হয়? জেন-জির ভাষায় গোপন খবর বা মজার কোনও গসিপকে বলা হয় ‘Tea’। আর ‘Spill the tea’ মানে হল, কী খবর আছে বলো! কাউকে খুব পছন্দ হলে কিংবা আদর করে ডাকতে ‘Pookie’ শব্দটিও ব্যবহার করা হয়। আবার কারও প্রতি অতিরিক্ত মনোযোগ বা ভালোবাসা দেখালে মজা করে তাঁকে ‘Simp’ বলা হতে পারে। আর কাউকে নিজের ব্যক্তিত্ব বা কথা বলার ধরন দিয়ে সহজেই মুগ্ধ করার ক্ষমতা থাকলে, তাঁর রয়েছে ‘Rizz’!এ ছাড়াও রয়েছে ‘GOAT’, যার পুরো অর্থ ‘Greatest Of All Time’। অর্থাৎ, সর্বকালের সেরা। কোনও ব্যক্তি বা তাঁর কাজের প্রশংসা করতে এই শব্দটি ব্যবহার করা হয়। অন্যদিকে, কারও কোনও কথা বা কাজের সঙ্গে নিজের অনুভূতি মিলে গেলে বলা যায়, ‘Mood!’ যেন এক শব্দেই বলে দেওয়া, ব্যাপারটা একেবারে আমার মনের কথা।তালিকায় রয়েছে ‘Lit’ শব্দটিও, যার অর্থ দারুণ বা জমজমাট। আর ‘Yeet’ ব্যবহার করা হয় উচ্ছ্বাস প্রকাশ করতে কিংবা কোনও কিছু জোরে ছুড়ে ফেলার প্রসঙ্গে। অন্যদিকে, ‘Skibidi’ মূলত ইন্টারনেটের মিম ও ভাইরাল কনটেন্টের সঙ্গে জনপ্রিয় হওয়া একটি শব্দ। অনেক সময় নিছক মজা কিংবা আজব কোনও পরিস্থিতি বোঝাতেও এটি ব্যবহার করা হয়।