বাংলায় শুরু হচ্ছে ‘জনতার দরবার’, সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে অভাব-অভিযোগ জানাবে আমজনতা
কলকাতা: মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করছেন শুভেন্দু অধিকারী। এবার আমজনতার অভাব-অভিযোগ ও সমস্যার কথা সরাসরি নিজের মুখে শুনতে এক অভিনব উদ্যোগ নিতে চলেছেন তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ধাঁচে এবার বাংলাতেও শুরু হতে চলেছে ‘জনতার দরবার’। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সপ্তাহে এক বা দু’দিন সরাসরি সাধারণ মানুষের মুখোমুখি হয়ে তাঁদের সমস্যার কথা শুনবেন খোদ মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, স্পটেই যাতে সমস্যার দ্রুত সমাধান করা যায়, তার জন্য মুখ্যমন্ত্রীর পাশেই উপস্থিত থাকবেন বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকেরা। সম্ভবত আগামী ১ জুন থেকেই রাজ্যবাসী মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার এই সুবর্ণ সুযোগ পেতে চলেছেন।[TECHTARANGA-POST:9158]সাধারণত নিয়মের নানা বেড়াজাল কিংবা আমলাতান্ত্রিক জটিলতার কারণে সাধারণ মানুষের ক্ষোভ বা অভাব-অভিযোগের চিঠি অনেক সময়ই মুখ্যমন্ত্রীর দপ্তর পর্যন্ত পৌঁছায় না। ফলে বহু মানুষ চাইলেও তাঁদের সমস্যার কথা সরকারকে জানাতে পারেন না। আমজনতার সেই ক্ষোভ ও বঞ্চনা দূর করতেই এই সরাসরি জনসংযোগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, এই ধরণের কর্মসূচি বিজেপিশাসিত রাজ্যগুলিতে অত্যন্ত সফল। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের ‘জনতার দরবার’ কিংবা মধ্যপ্রদেশ ও ওড়িশার ‘জনশুনানি’ কর্মসূচি দারুণ জনপ্রিয়। এবার সেই একই মডেল বাংলায় এনে শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিলেন যে, নব্য বিজেপি সরকার কেবল নবান্নের বন্ধ ঘরে বসে নয়, বরং একেবারে মাটির মানুষের সঙ্গে মিশে সুশাসন দিতে বদ্ধপরিকর। সরকারের এই মেগা উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া রাজ্যের সাধারণ মানুষের মহলে।