ভোটের মুখে রক্তক্ষয়ী গোসাবা: বিজেপির বৈঠকে ‘হামলা’, কর্মীকে টেনে-হিঁচড়ে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ!
নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে সুন্দরবনের গোসাবা। এবার বিজেপির একটি ঘরোয়া বৈঠকে ঢুকে লাঠি-রড দিয়ে নৃশংসভাবে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় একাধিক বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছেন, যার ফলে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।[TECHTARANGA-POST:7929]বৃহস্পতিবার রাতে গোসাবার রাঙাবেলিয়া অঞ্চলের রাজাপুর পূর্ব পাড়ায় বিজেপি কর্মী রমেন মাইতির বাড়িতে একটি ঘরোয়া বৈঠক চলছিল। অভিযোগ, রাত ৮টা নাগাদ স্থানীয় উপপ্রধান মোসলেম মোল্লার নেতৃত্বে প্রায় ৫০-৬০ জনের একটি দল অতর্কিতে সেই বৈঠকে চড়াও হয়। লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে শুরু হয় তাণ্ডব।[TECHTARANGA-POST:7927]আক্রান্ত বিজেপি কর্মীদের দাবি, প্রাণ বাঁচাতে অনেকে পালিয়ে গেলেও দীপকুমার বেরা ও সুবীর মণ্ডলকে ধরে ফেলে হামলাকারীরা। অভিযোগ, দীপকুমারকে টেনে-হিঁচড়ে পাশের একটি জমিতে নিয়ে গিয়ে রড দিয়ে বেধড়ক পেটানো হয়। তাঁর কাঁধ, মুখ ও বুকে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। অন্যদিকে, সুবীর মণ্ডলকেও গলা টিপে ধরে মারধর করা হয়েছে বলে অভিযোগ।[TECHTARANGA-POST:7925]খবর পেয়েই রাতে হাসপাতালে আহতদের দেখতে যান গোসাবার বিজেপি প্রার্থী বিকর্ণ নস্কর। এরপরই তিনি সটান গোসাবা থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। পুলিশের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করে তিনি স্পষ্ট জানিয়েছেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে হাজার হাজার কর্মী-সমর্থকদের নিয়ে গোসাবা থানা ঘেরাও করা হবে।”[TECHTARANGA-POST:7924]ভোটের আগে এই রক্তক্ষয়ী সংঘর্ষ ফের একবার দক্ষিণ ২৪ পরগনার আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিল। তৃণমূলের তরফে এখনও এই বিষয়ে কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি।