Hidden Stories (বাংলা)

মহিলা কামরা নিয়ে তুমুল অসন্তোষ! শিয়ালদহ দক্ষিণ শাখায় সকাল সকাল তুলকালাম, ১ ঘণ্টা ট্রেন লাইনে বসে বিক্ষোভ

হোটর: অফিস টাইমের ব্যস্ত সকালে চরম ভোগান্তির শিকার হলেন শিয়ালদহ দক্ষিণ শাখার হাজার হাজার নিত্যযাত্রী। ট্রেনের সাধারণ বা জেনারেল কামরা বাড়ানোর দাবিতে আচমকাই রেল লাইনে নেমে অবরোধ শুরু করলেন পুরুষ যাত্রীদের একাংশ। মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিট নাগাদ পূর্ব রেলের শিয়ালদহ দক্ষিণ শাখার হোটর স্টেশনে এই ধুন্ধুমার কাণ্ডটি ঘটে। যার জেরে ডায়মন্ড হারবার লাইনে আপ ও ডাউন— দুই লাইনেই ট্রেন চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে। গরমে ট্রেনের ভেতর নাজেহাল অবস্থা হয় সাধারণ যাত্রীদের। প্রায় এক ঘণ্টা টানটান উত্তেজনার পর রেল আধিকারিকদের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।[TECHTARANGA-POST:9819]ঘটনার সূত্রপাত বেশ কয়েক মাস আগে, যখন রেল কর্তৃপক্ষের তরফে লোকাল ট্রেনে মহিলা কামরার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পূর্ববর্তী নিয়মের বাইরে গিয়ে মহিলাদের জন্য নির্দিষ্ট একটি আস্ত কামরার পাশাপাশি আরও একটি জেনারেল কামরার অর্ধেক অংশ মহিলাদের জন্য বরাদ্দ করা হয়। এর ফলে একটি লোকাল ট্রেনে কার্যত তিনটি কামরা মহিলাদের জন্য সংরক্ষিত হয়ে যায়। আর এই সিদ্ধান্তের জেরেই ক্ষোভে ফুঁসছিলেন পুরুষ যাত্রীরা। তাঁদের অভিযোগ, ডায়মন্ড হারবার লাইনে নিত্যদিন যে পরিমাণ উপচে পড়া ভিড় হয়, তাতে সাধারণ কামরা কমে যাওয়ায় এই তীব্র গরমে পুরুষ যাত্রীদের বাদুড়ঝোলা হয়ে, চরম কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে।[TECHTARANGA-POST:9816]এই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটে মঙ্গলবার সকালে। হোটর স্টেশনে ডাউন লোকাল আসতেই লাইনে বসে পড়েন বিক্ষোভকারীরা। তাঁদের স্পষ্ট দাবি, ট্রেনের যে অর্ধেক কামরা নতুন করে মহিলাদের জন্য বরাদ্দ করা হয়েছে, তা অবিলম্বে বাতিল করে পুনরায় জেনারেল কামরা হিসেবে ঘোষণা করতে হবে। একই সঙ্গে ট্রেনের মোট কামরার সংখ্যা বাড়ানোর দাবিও তোলেন তাঁরা। সকালের ব্যস্ত সময়ে এই অবরোধের জেরে লাইনে একের পর এক লোকাল ট্রেন দাঁড়িয়ে পড়ে, যার ফলে গন্তব্যে পৌঁছাতে লেট হয়ে যায় বহু চাকুরিজীবী ও পড়ুয়ার। অবশেষে পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে ছোটেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। তাঁরা বিক্ষোভকারী নিত্যযাত্রীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে প্রায় ১ ঘণ্টা পর সকাল ৯টা ২০ মিনিট নাগাদ অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধ উঠলেও সকালের এই ধকল সামলে রেল পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লেগে যায়।

মহিলা কামরা নিয়ে তুমুল অসন্তোষ! শিয়ালদহ দক্ষিণ শাখায় সকাল সকাল তুলকালাম, ১ ঘণ্টা ট্রেন লাইনে বসে বিক্ষোভ

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার