NewTown DeadBody: ‘ফ্ল্যাট থেকে আসছে বিকট দুর্গন্ধ!’ নিউটাউনের আবাসনে পচাগলা দেহ উদ্ধার আইটি কর্মীর, খুন নাকি আত্মহত্যা?
কলকাতা: অভিজাত আবাসনের বন্ধ ঘর থেকে বের হচ্ছিল দুর্গন্ধ। প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় পুলিশে। দরজা ভেঙে ভিতরে ঢুকতেই চোখ ছানাবড়া তদন্তকারীদের! ঘরের ভিতর পচাগলা অবস্থায় পড়ে রয়েছে এক তরুণীর মৃতদেহ। বৃহস্পতিবার ভোররাতে নিউটাউনের সুখবৃষ্টি আবাসনের এ ব্লকের এক ফ্ল্যাট থেকে তরুণীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম অপলা প্রধান (৩০)। তিনি পেশায় কলকাতার এক নামী তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী ছিলেন।পুলিশ সূত্রে খবর, অপলার মূল বাড়ি ঝাড়খণ্ডের জামশেদপুরে। কর্মসূত্রে গত কয়েক বছর ধরে নিউটাউনের এই ফ্ল্যাটে একাই ভাড়া থাকতেন তিনি। গত ২-৩ দিন ধরেই পরিবারের সদস্যরা তাঁর ফোনে যোগাযোগের চেষ্টা করছিলেন। কিন্তু বারবার রিং হলেও অপলা ফোন তোলেননি। প্রথম দিকে কাজ বা ব্যক্তিগত ব্যস্ততার কারণে ফোন ধরতে পারছেন না ভেবে চিন্তিত হননি পরিজনেরা। এমনকি প্রতিবেশীরাও গত দু’-তিন দিন ধরে অপলাকে ফ্ল্যাটের বাইরে বের হতে দেখেননি।[TECHTARANGA-POST:13455]বৃহস্পতিবার ভোররাতে আবাসনের সিঁড়ি ও করিডোরে বিকট দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় বাসিন্দারা এর উৎস খোঁজা শুরু করেন। গন্ধ যে অপলার বন্ধ ফ্ল্যাট থেকেই আসছে, তা নিশ্চিত হওয়ার পর খবর দেওয়া হয় টেকনো সিটি থানার পুলিশকে। পুলিশ এসে দরজা খুলে ঘরে ঢুকতেই তরুণীর পচাগলা দেহ উদ্ধার করে। দেহটি এতটাই পচে গিয়েছিল যে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, অন্তত ২-৩ দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু কীভাবে মৃত্যু হলো ওই আইটি কর্মীর? তা নিয়ে ধোঁয়াশা কাটছে না।ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। তরুণী কি আত্মহত্যা করেছেন, নাকি অসুস্থ হয়ে আকস্মিক এই পরিণতি? নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও গভীর রহস্য বা অপরাধমূলক চক্রান্ত— সব দিকই খোলা রাখছেন তদন্তকারীরা। পুলিশ অপলার মোবাইল লোকেশন ও কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) খতিয়ে দেখছে। মৃত্যুর আগে শেষবার কার সঙ্গে তাঁর কথা হয়েছিল এবং আবাসনের সিসিটিভি ফুটেজে সন্দেহজনক কাউকে দেখা গেছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে। জামশেদপুরে মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। টেকনো সিটি থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত জারি রেখেছে।