কালীঘাটে মমতার দুয়ারেই বিজেপির ‘জয় শ্রীরাম’ গর্জন! পরিস্থিতি সামাল দিতে নামল কেন্দ্রীয় বাহিনী
কলকাতা: শনিবার যখন ব্রিগেডের মঞ্চে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী, ঠিক তখনই অন্য ছবি দক্ষিণ কলকাতার কালীঘাটে। এক সময়ের ‘পাওয়ার সেন্টার’ হিসাবে পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পৌঁছে গেলেন একদল বিজেপি কর্মী ও সমর্থক। তাঁদের গগনভেদী ‘জয় শ্রীরাম’ স্লোগান আর বাইকবাহিনী দাপটে মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আশঙ্কায় তড়িঘড়ি সেখানে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী।[TECHTARANGA-POST:8921]স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে রাজভবন ও ব্রিগেডের শপথ অনুষ্ঠান মিটতেই একদল অতিউৎসাহী বিজেপি সমর্থক মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির মূল গেটের সামনে জড়ো হন। গেরুয়া পতাকা হাতে তাঁরা একের পর এক স্লোগান দিতে থাকেন। আগে থেকেই সেখানে রাজ্য পুলিশ মোতায়েন থাকলেও, ভিড় বাড়তে থাকায় এবং উত্তেজনার পারদ চড়তে থাকায় বড়সড় অশান্তির আশঙ্কা তৈরি হয়। এরপরই কড়া পদক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।[TECHTARANGA-POST:8920]২০২৬-এর বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির নিরাপত্তাবলয় আগের তুলনায় শিথিল করা হয়েছিল। তোলা হয়েছিল রাস্তার গার্ডরেল। শুধু মমতা নন, তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তাও কমানো হয়েছিল ফল ঘোষণার পরপরই। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে যে ন্যূনতম সুরক্ষা প্রয়োজন, তা বজায় রাখা হয়েছিল। কিন্তু, আজকের এই নজিরবিহীন ঘটনার পর নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।[TECHTARANGA-POST:8919]আপাতত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলাকাটি ঘিরে রেখেছেন। বাড়ির নিকটবর্তী রাস্তায় কোনও মিছিল বা সন্দেহভাজন জমায়েত দেখলেই তাঁদের সরিয়ে দেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারীর শপথের দিনেই মমতার বাড়ির সামনে এই ‘বিজয় উল্লাস’ এবং কেন্দ্রীয় বাহিনীর এন্ট্রি — সব মিলিয়ে বাংলার রাজনীতিতে ক্ষমতার পরিবর্তনের এই দৃশ্য কার্যত ঐতিহাসিক হয়ে রইল।