কপ্টারে বিপত্তি নাকি খারাপ আবহাওয়া? কেশপুর যাওয়ার পথে কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর
কেশপুরের পথে আচমকাই বিপত্তি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারে। কোলাঘাটে জরুরি অবতরণ করানো হল কপ্টারটি। এরপর সেখান থেকে সড়কপথে কেশপুরের সভার উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী।মঙ্গলবার একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। প্রথমে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে সভা করার কথা তাঁর। এরপর বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা। নির্ধারিত সূচি অনুযায়ী, দমদম বিমানবন্দর থেকে কপ্টারে কেশপুর হয়ে বাঁকুড়া যাওয়ার কথা ছিল তাঁর। জানা গিয়েছে, বিমানবন্দরে পৌঁছনোর পরই কপ্টারে যান্ত্রিক ত্রুটির বিষয়টি নজরে আসে। তড়িঘড়ি সেটি পরীক্ষা করা হয়। এরপর কেশপুরের উদ্দেশ্যে রওনা দেয় কপ্টারটি। কিন্তু আচমকাই কোলাঘাট এলাকায় সেটিকে জরুরি অবতরণ করানো হয়।[TECHTARANGA-POST:11589]প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকেই কারণ হিসেবে ধরা হলেও পরে অন্য সম্ভাবনার কথাও সামনে এসেছে। সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুরে খারাপ আবহাওয়ার কারণে কপ্টারটি অবতরণ করতে পারেনি। বাধ্য হয়ে ফিরে এসে কোলাঘাটের বলাকা মঞ্চের মাঠে জরুরি অবতরণ করে। এরপর সেখান থেকে গাড়িতে কেশপুরের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। কেশপুরের কর্মসূচি শেষ করে সম্ভবত সড়কপথেই বাঁকুড়ায় যাবেন তিনি। পরে ফের কপ্টারে ফেরার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।