Hidden Stories (বাংলা)

Gariahat Bridge: নীল-সাদা অতীত! গড়িয়াহাট ব্রিজে হঠাৎ হলুদ-লাল রং, নেপথ্যে মন্ত্রী অগ্নিমিত্রার বিশেষ ‘বার্তা’

কলকাতা: দেবীপক্ষের সূচনার সঙ্গেই নতুন সাজে সেজে উঠছে কলকাতা ও তার আশপাশের এলাকা। মহালয়ায় ইডেন উদ্যানে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের বাদ্যি বেজে গিয়েছে। সেই উৎসবের আবহেই এবার দক্ষিণ কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ গড়িয়াহাট ব্রিজে দেখা গেল এক অভূতপূর্ব পরিবর্তন। রাজ্যের শাসকদলের উদ্যোগে এবার সেতুর রাস্তায় ফুটে উঠেছে হলুদ ও লাল রঙের আভা। এই নতুন রূপের কাজ খতিয়ে দেখতে গড়িয়াহাট ব্রিজে সশরীরে উপস্থিত হয়েছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।সেখানে দাঁড়িয়ে শহরের মানুষকে এক বিশেষ রাজনৈতিক ও সামাজিক বার্তা দেন তিনি। মন্ত্রীর কথায়, “এই ব্রিজ আসলে ভ্রাতৃত্বের রাস্তা, ভালোবাসার রাস্তা এবং বিশ্বাসের রাস্তা।” তৃণমূল জমানার সেই চেনা নীল-সাদা রঙের ঐতিহ্য ঝেড়ে ফেলে বিজেপি সরকারের আমলে হলুদ-সাদা ও হলুদ-লালে সেজে উঠছে রাজপথ। বিধানসভা নির্বাচনের বিপুল জয়ের প্রসঙ্গ তুলে অগ্নিমিত্রা জানান, রাজ্যের মানুষ যে অভূতপূর্ব জনসমর্থন দিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের ওপর ভরসা রেখেছেন, এই রঙ এবং আলপনা সেই বিশ্বাসের প্রতীক।শুধু গড়িয়াহাট ব্রিজই নয়, উৎসবের শহরকে রূপময় করে তুলতে আরও একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। মন্ত্রী জানান, রেড রোড থেকে শুরু করে গঙ্গার ঘাটগুলিকেও নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। একই সঙ্গে পার্ক সার্কাস কানেক্টরের নিচে বিশাল বিশাল আলপনা আঁকা হয়েছে। গতকাল নিজে হাতে সেখানে তুলি ধরে আলপনা এঁকে রাজ্যবাসীকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানান তিনি। তিনি আরও আশ্বস্ত করেন যে, গড়িয়াহাট চারমাথার মোড়ে আরও আলপনা আঁকার কাজ চলছে এবং সময় সুযোগ থাকলে রাসবিহারী ও পার্ক স্ট্রিটের জংশনেও একইভাবে ঐতিহ্যবাহী আলপনা ফুটিয়ে তোলা হবে।উৎসবের দিনগুলোতে শহরের যান চলাচল ও যাতায়াত সুগম করতেও তৎপর প্রশাসন। পুজো শুরুর আগেই অর্থাৎ বোধনের আগে শহরের সমস্ত খারাপ ও ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করে ফেলার স্পষ্ট বার্তা দিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। রাজনীতির সমীকরণ বদলের পর তিলোত্তমার এই নতুন সাজ আর নয়া রঙের চমক এখন কলকাতাবাসীর নজর কাড়ছে।

Gariahat Bridge: নীল-সাদা অতীত! গড়িয়াহাট ব্রিজে হঠাৎ হলুদ-লাল রং, নেপথ্যে মন্ত্রী অগ্নিমিত্রার বিশেষ ‘বার্তা’