জোড়া ১৫ টাকা, পিস ৮! পোলট্রি ফেডারেশনের বিস্ফোরক দাবির মাঝেই দাম বাড়া নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা!
কলকাতা: এমনিতেই বাজারে আলু থেকে শুরু করে সবজির দাম আকাশছোঁয়া, তার ওপর এবার আমজনতার সস্তার প্রোটিন ডিমেও লাগল চরম ছ্যাঁকা! রাজ্যজুড়ে গত মাত্র ১০ দিনে এক ধাক্কায় ডিমের ট্রের দাম বেড়ে গিয়েছে ২০ টাকা। প্রতিদিন ১০ পয়সা, ২০ পয়সা করে বাড়তে বাড়তে ডিমের এই লাগামহীন মূল্যবৃদ্ধি এখন মধ্যবিত্তের পকেটে বড়সড় টান মেরেছে। ন্যাশনাল এগ কোঅর্ডিনেশন কমিটির (NECC) দেওয়া তথ্য অনুযায়ী, মাত্র দিন দশেক আগেও কলকাতায় পাইকারি বাজারে ডিমের ট্রের দাম ছিল ১৮৬ টাকা, যা খুচরো বাজারে ২০০ থেকে ২০৫ টাকার মধ্যে ঘোরাফেরা করছিল। কিন্তু আজ সেই পাইকারি বাজারেই ট্রের দাম ঠেকেছে ২০৬ টাকায় এবং পাড়ার মোড়ের দোকানে সেই ট্রেরই দাম নেওয়া হচ্ছে ২২০ থেকে ২২৫ টাকা। ফলে সাধারণ মানুষকে এখন এক পিস ডিম কিনতে গুনতে হচ্ছে পাক্কা ৮ টাকা এবং জোড়া ডিম বিকোচ্ছে ১৫ থেকে ১৬ টাকায়।[TECHTARANGA-POST:9952]এই আকস্মিক মূল্যবৃদ্ধির পেছনে সাধারণ মানুষের একাংশ অবশ্য এক অদ্ভুত ও কৌতূহলদ্দীপক ‘রাজনৈতিক কারণ’ খুঁজে পাচ্ছেন। গত ৪ মে রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর বাংলায় ঐতিহাসিক ক্ষমতা বদল ঘটেছে এবং তৃণমূল কংগ্রেসের পতন হয়েছে। সরকার উল্টে যেতেই রোজই কোথাও না কোথাও দুর্নীতিগ্রস্ত প্রাক্তন মন্ত্রী বা হেভিওয়েট নেতাদের লক্ষ্য করে ক্ষুব্ধ আমজনতার ডিম ছুড়ে মারার ঘটনা সামনে আসছে। এই বিষয়টিকে কটাক্ষ করে বেশ কিছু বিজেপি নেতা রসিকতার সুরে দাবি করছেন, নেতাদের দিকে দেদার ডিম ছোড়ার এই হিড়িকের কারণেই নাকি বাজারে ডিমের এত আকাল ও দাম বৃদ্ধি! সোশ্যাল মিডিয়াতেও এই তত্ত্ব নিয়ে জোর চর্চা ও হাসাহাসি শুরু হয়েছে।[TECHTARANGA-POST:9887]তবে এই রাজনৈতিক জল্পনাকে হেসেই উড়িয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা। ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের সভাপতি মদন মাইতি এই দাম বৃদ্ধির আসল ও অন্দরমহলের কারণ স্পষ্ট করেছেন। তাঁর দাবি, "পশ্চিমবঙ্গের মানুষ প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ৪ কোটি ডিম কেনেন। এর মধ্যে কত শতাংশ ডিম আর নেতাদের দিকে ছোড়া হচ্ছে? আসল কারণ হলো পোলট্রি খাতের কাঁচামাল ও মুরগির খাবারের দাম গত এক মাসে প্রায় ৬০ শতাংশ বেড়ে গিয়েছে। তার ওপর এই তীব্র গরমে ডিমের উৎপাদনও স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। ফলে উৎপাদন খরচ যা দাঁড়িয়েছে, তাতে বাজারে ডিমের পিস ৮ টাকা না হলে চাষি বা পোলট্রি কৃষকদের কোনও লাভই থাকছে না।" কাঁচামালের এই অগ্নিমূল্যের কারণেই চাষিদের বাঁচাতে দাম বাড়াতে হয়েছে বলে ফেডারেশন স্পষ্ট করলেও, ডিমের এই রেকর্ড দামে আমজনতার হেঁশেলে যে রীতিমতো লঙ্কাকাণ্ড বেঁধে গিয়েছে, তা বলাই বাহুল্য।