‘খেলাম আমি, ঝাল লাগল তৃণমূলের!’ কৃষ্ণনগরের জনসভা থেকে ‘ঝালমুড়ি’ খোঁচায় দিদিকে তুলোধোনা মোদীর
কৃষ্ণনগর: ভোটের ময়দানে এবার হাতিয়ার ‘ঝালমুড়ি’! দ্বিতীয় দফার ভোটের প্রচারে কৃষ্ণনগরে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝাড়গ্রামে তাঁর ঝালমুড়ি খাওয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের সমালোচনার পাল্টা জবাবে মোদী এদিন কটাক্ষ করে বলেন, “ঝালমুড়ি আমি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের!” প্রধানমন্ত্রীর এই টিপ্পনিতে এদিন হাসির রোল ওঠে জনসভায়।[TECHTARANGA-POST:8316]প্রথম দফার ভোটের ট্রেন্ড উল্লেখ করে এদিন নির্বাচন কমিশনের প্রশংসায় পঞ্চমুখ হন প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, গত ৫০ বছরে বাংলা এমন শান্তিপূর্ণ এবং রেকর্ড ভোটদান দেখেনি। মোদির কথায়, “বাংলায় ভয় পালাচ্ছে আর ভরসা দৃঢ় হচ্ছে। ৫০ বছরে প্রথমবার হিংসামুক্ত ভোট দেখছে রাজ্যবাসী। মানুষ বুথমুখী হয়ে পুরনো সব রেকর্ড ভেঙে দিচ্ছে।” অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য তিনি নির্বাচন কমিশনকে বিশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।[TECHTARANGA-POST:8314]ভোটের ফল নিয়ে এদিন প্রবল আত্মবিশ্বাসী দেখাল প্রধানমন্ত্রীকে। তিনি সাফ জানান, আগামী ৪ মে ভোটের ফল বেরোলে বাংলায় পরিবর্তনের নতুন ইতিহাস লেখা হবে। মোদি বলেন, “৪ মে বাংলায় পদ্ম ফুটবে। সেদিন শুধু মিষ্টি নয়, ঝালমুড়িও বিলি হবে।”[TECHTARANGA-POST:8313]ঝাড়গ্রামে মোদীর ঝালমুড়ি খাওয়া নিয়ে সম্প্রতি ঘাসফুল শিবিরের তরফে বিদ্রুপ করা হয়েছিল। এমনকী, তৃণমূল সুপ্রিমোও নাম না করে খোঁচা দিয়েছিলেন। এদিন কৃষ্ণনগরের মাটি থেকে তার মোক্ষম জবাব দিয়ে মোদী বুঝিয়ে দিলেন, বাংলার সংস্কৃতি ও খাদ্যাভ্যাস নিয়ে রাজনীতি তিনি বরদাস্ত করবেন না। তিনি বলেন, “শক্তি, ক্রান্তি আর সংস্কৃতির এই ভূমিতে আজ পরিবর্তনের ঝড় দেখতে পাচ্ছি।”