ভোট মিটতেই কি পকেটে কোপ? আগামী সপ্তাহ থেকেই আকাশছোঁয়া পেট্রল-ডিজেল-রান্নার গ্যাস?
নয়াদিল্লি: নির্বাচনী পর্ব মেটার কয়েক দিন কাটতে না কাটতেই এবার মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। ভোটের উত্তাপ কমতেই এবার নাকি বাড়তে চলেছে জ্বালানি তেল ও রান্নার গ্যাসের দাম। বিশ্বস্ত সূত্রের খবর, আগামী ১৫ মে-র মধ্যেই লিটার পিছু ৪ থেকে ৫ টাকা পর্যন্ত দাম বাড়তে পারে পেট্রোল ও ডিজেলের! একইসঙ্গে, একধাক্কায় অনেকটা দামি হতে পারে ১৪.৫ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারও![TECHTARANGA-POST:8919]পশ্চিম এশিয়ায় চলা যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের সঙ্কট চরম আকার নিয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়লেও এত দিন ভোটের কথা মাথায় রেখে দেশীয় বাজারে দাম বাড়ায়নি মোদী সরকার। কিন্তু নির্বাচন মিটতেই এবার সেই বর্ধিত দামের বোঝা আমজনতার উপর চাপানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে দাবি করছে একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম। আগামী পাঁচ থেকে সাতদিনের মধ্যেই এই মূল্যবৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।[TECHTARANGA-POST:8904]তেল বিপণনকারী সংস্থাগুলি (OMC) সূত্রে জানা গিয়েছে, বর্ধিত উৎপাদন খরচ নিজেরা বহন করতে গিয়ে প্রতি মাসে তাদের প্রায় ৩০ হাজার কোটি টাকার লোকসান হচ্ছে। ফলে সরকারের উপর দাম বাড়ানোর চাপ বাড়াচ্ছিল সংস্থাগুলি। তবে, তেলের দাম বাড়লে দেশে মুদ্রাস্ফীতির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। সেই প্রভাব যাতে নিয়ন্ত্রণে রাখা যায়, তা নিয়েও সরকারের অন্দরে আলোচনা চলছে।[TECHTARANGA-POST:8896]উল্লেখ্য, বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধিতে ইতিমধ্যেই বড় ধাক্কা খেয়েছে বাজার। শুক্রবার ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম একধাক্কায় ৯৯৩ টাকা বাড়ানো হয়েছে। অটোর জ্বালানি বা এলপিজির দামও বেড়েছে লিটার প্রতি ৬ টাকা ৪৪ পয়সা। এবার নজর সাধারণ মানুষের হেঁশেল আর যাতায়াতের খরচের উপর। মে মাসের মাঝামাঝি সময়ে মধ্যবিত্তের পকেটে মোদী সরকার কতটা ‘কোপ’ বসায়, সেটাই এখন দেখার।