সংবাদমাধ্যমের স্বাধীনতায় তলানিতে ভারত! পাকিস্তানের থেকেও নিচে দেশ? চাঞ্চল্যকর রিপোর্ট ঘিরে হুলস্থুল
নয়াদিল্লি: বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রকাশিত হল ২০২৬ সালের বার্ষিক রিপোর্ট। আর, সেই রিপোর্ট সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (ফরাসি নাম - Reporters Sans Frontières বা সংক্ষেপে আরএসএফ)-এর দেওয়া তথ্য অনুযায়ী, প্রেস ফ্রিডম ইনডেক্স বা সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে ভারতের স্থান গত বছরের তুলনায় আরও ৬ ধাপ নীচে নেমে গিয়েছে। এমনকী, প্রতিবেশী দেশ পাকিস্তানের থেকেও পিছিয়ে পড়েছে ভারত![TECHTARANGA-POST:8637]২০২৫ সালে এই তালিকায় ভারতের স্থান ছিল ১৫১ নম্বরে। কিন্তু, ২০২৬-এর রিপোর্টে ভারত নেমে এসেছে ১৫৭-এ। তালিকায় ভারতের নীচে রয়েছে ভেনেজুয়েলা, সুদান, ইরাক, চিন এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলি। তবে, বিস্ময়করভাবে ভুটান (১৫০), পাকিস্তান (১৫৩) এবং প্যালেস্টাইন (১৫৬) এবার ভারতের উপরে জায়গা করে নিয়েছে।[TECHTARANGA-POST:8636]রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতে সাংবাদিকদের কাজের পরিবেশ দিন দিন আরও জটিল হয়ে উঠছে। এর নেপথ্যে মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে - তথাকথিত জাতীয় সুরক্ষা সংক্রান্ত আইনের ক্রমবর্ধমান ব্যবহার। সরাসরি মাঠে নেমে কাজ করা সাংবাদিকদের উপর আক্রমণ। এবং আইনি হেনস্থা এবং রাজনৈতিক ও সামাজিক চাপ। আর্থিক, আইনি, রাজনৈতিক, সামাজিক এবং নিরাপত্তা - এই পাঁচটি প্রধান মাপকাঠির ভিত্তিতেই এই তালিকা তৈরি করেছে আরএসএফ। সংস্থাটির মতে, গত ২৫ বছরে গোটা বিশ্বের প্রেস স্বাধীনতার গড় স্কোর কখনও এত খারাপ হয়নি।[TECHTARANGA-POST:8633]এই তালিকার শীর্ষে রয়েছে নরওয়ে। দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে নেদারল্যান্ডস, এস্টোনিয়া, ডেনমার্ক ও সুইডেন। ৩ মে ‘বিশ্ব প্রেস ফ্রিডম ডে’-র প্রাক্কালে প্রকাশিত এই রিপোর্টটি গণতান্ত্রিক কাঠামোর চতুর্থ স্তম্ভের বর্তমান করুণ দশাই তুলে ধরছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।