বদলে যাচ্ছে যাদবপুর স্টেশন! মিনি মার্ট থেকে লিফট-ফুটওভারব্রিজ, যাত্রীদের জন্য একগুচ্ছ নতুন সুবিধা
এবার বদলে যাচ্ছে যাদবপুর স্টেশনের চেহারা। যাত্রীদের সুবিধা বাড়াতে স্টেশনের পরিকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে পূর্ব রেল। তৈরি হবে আধুনিক ‘মিনি মার্ট’, নতুন টিকিট কাউন্টার, লিফট-সহ ফুট ওভারব্রিজ। পাশাপাশি ছোট ব্যবসায়ীদের জন্যও খুলছে নতুন সুযোগ।[TECHTARANGA-POST:11525]পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, যাদবপুর স্টেশনে প্রায় ৩ হাজার ৪৫ বর্গ মিটার জায়গা জুড়ে তৈরি হবে আধুনিক শপিং হাব। একই ছাদের নীচে সেখানে থাকবে নানা ধরনের দোকান।যাত্রীদের প্রয়োজনীয় বিভিন্ন জিনিস মিলবে এই মিনি মার্টে। প্রতিটি স্টলের আয়তন ৮০ বর্গফুটের বেশি হবে না। জায়গার ২০ থেকে ৩০ শতাংশ যাত্রীদের চলাচল ও সৌন্দর্যায়নের জন্য রাখা হবে। আরও ৫ থেকে ২০ শতাংশ জায়গায় থাকবে বিশ্রামাগার ও পার্কিংয়ের ব্যবস্থা। স্টলগুলি ১০ বছরের চুক্তিতে দেওয়া হবে এবং ‘নন ফেয়ার রেভিনিউ’র আওতায় পরিচালিত হবে। যাত্রী পরিষেবাতেও আসছে একাধিক পরিবর্তন। নতুন টিকিট বুকিং কাউন্টার তৈরি হবে। লিফট-সহ ফুট ওভারব্রিজের ব্যবস্থা করা হবে, যাতে প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম যাত্রীদের যাতায়াত আরও সহজ হয়। স্টেশনের দুই প্রান্তে যানজট কমাতে তৈরি করা হবে উন্নত সার্কুলেটিং এরিয়া।[TECHTARANGA-POST:11520]উল্লেখ্য, কয়েকদিন আগেই যাদবপুর স্টেশন চত্বর থেকে অবৈধ জবরদখলকারীদের উচ্ছেদ করা হয়েছিল। এর ফলে বহু হকারের রুজিরুটি নিয়ে প্রশ্ন উঠেছিল। রেলের নতুন উদ্যোগে সেই ছোট ব্যবসায়ীদের জন্য ফের ব্যবসার সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে হকারদের জন্য নির্দিষ্ট জায়গা তৈরি হলে যাত্রীদের যাতায়াতের সমস্যাও অনেকটা কমবে।