হাসপাতালের লিফটে মাথা আটকে মর্মান্তিক মৃত্যু মহিলা কর্মীর, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল হাড়হিম দৃশ্য!
নাসিক: হাসপাতালের মালবাহী লিফটে মাথা আটকে এক মহিলা কর্মীর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মহারাষ্ট্রের নাসিকে। সোমবার সকালে নাসিকের আডগাঁও এলাকার ডক্টর বসন্তরাও পওয়ার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। মৃত মহিলার নাম জ্যোতি শিবাজী অহিরে (৫০)। তিনি ওই হাসপাতালের সার্জারি বিভাগে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কর্মরত ছিলেন।[TECHTARANGA-POST:8497]হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় জ্যোতি অপারেশন থিয়েটারের সরঞ্জাম মালবাহী লিফটের মাধ্যমে ওয়ার্ডে নিয়ে আসার কাজ করছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, লিফটের দরজা খোলা অবস্থায় কৌতূহলবশত বা লিফটটি কোথায় রয়েছে তা দেখার জন্য তিনি মাথা বাড়িয়ে দিয়েছিলেন। সেই সময়ই আচমকা উপর থেকে লিফটটি নিঃশব্দে নেমে আসে এবং জ্যোতির মাথা লিফটের নীচে আটকে যায়।[TECHTARANGA-POST:8493]যন্ত্রণায় ছটফট করতে থাকা অবস্থায় জ্যোতির চিৎকার শুনে অন্য কর্মীরা ছুটে আসেন। তাঁরা আপ্রাণ চেষ্টা চালিয়ে তাঁকে লিফটের তলা থেকে বের করে আনেন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালের আইসিসিইউ-তে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।[TECHTARANGA-POST:8487]এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে জ্যোতির পরিবারে। হাসপাতালের বিরুদ্ধে সুরক্ষাবিধি লঙ্ঘন এবং গাফিলতির অভিযোগে নাসিকের আডগাঁও থানায় এফআইআর (FIR) দায়ের করেছেন মৃতার ছেলে। তাঁর দাবি, বিপজ্জনক এই লিফটের সামনে কর্মীদের নিরাপত্তার কোনও সঠিক ব্যবস্থা ছিল না। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং লিফটে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, তা জানতে তদন্ত শুরু করেছে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।