১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা! কন্টেনারের ধাক্কায় দুমড়ে গেল বীরবাহা হাঁসদার কনভয়ের গাড়ি, আশঙ্কাজনক পুলিশকর্মী
উলুবেড়িয়া: নির্বাচনী প্রচারের ব্যস্ততার মাঝেই বড়সড় দুর্ঘটনার কবলে পড়লেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। শুক্রবার গভীর রাতে ১৬ নম্বর জাতীয় সড়কে তাঁর কনভয়ের একটি পাইলট কার নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারের পিছনে। দুর্ঘটনায় মন্ত্রীর গাড়ির কোনও ক্ষতি না হলেও, মারাত্মকভাবে জখম হয়েছেন কনভয়ে থাকা দুই পুলিশকর্মী।[TECHTARANGA-POST:8385]পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরদিন একটি নির্বাচনী কর্মসূচিতে যোগ দিতে শুক্রবার মধ্যরাত নাগাদ মেদিনীপুর থেকে কলকাতায় যাচ্ছিলেন বীরবাহা হাঁসদা। উলুবেড়িয়া থানার বীরশিবপুর উড়ালপুলের উপর আচমকাই মন্ত্রীর গাড়ির সামনে থাকা পুলিশের পাইলট কারটি নিয়ন্ত্রণ হারায়। তীব্র গতিতে সেটি সামনে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারের পিছনে গিয়ে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে পুলিশের গাড়িটির সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়।[TECHTARANGA-POST:8373]দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছয় উলুবেড়িয়া থানার পুলিশ। জখম অবস্থায় উদ্ধার করা হয় গাড়িতে থাকা এক এএসআই এবং এক কনস্টেবলকে। তাঁদের দ্রুত উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আহত দুই পুলিশকর্মীর মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।[TECHTARANGA-POST:8367]ভয়াবহ এই দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। তাঁর গাড়িতে কোনও আঘাত লাগেনি এবং তিনি নিজে সম্পূর্ণ সুরক্ষিত আছেন। দুর্ঘটনার পর প্রাথমিক উদ্বেগ কাটিয়ে রাতেই তিনি গন্তব্যের উদ্দেশে রওনা দেন। তবে, ভোটের আবহে জাতীয় সড়কের উপর এভাবে কন্টেনার দাঁড়িয়ে থাকা এবং তার ফলে দুর্ঘটনা ঘটা নিয়ে প্রশ্ন উঠছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ প্রশাসন।