সুরেন্দ্রনাথের পর এবার পাণ্ডবেশ্বর! প্রাক্তন তৃণমূল বিধায়কের বিলাসবহুল কার্যালয়ে বিছানা-বালিশ, ড্রয়ার খুলতেই মিলল কন্ডোমের স্তূপ
পাণ্ডবেশ্বর: কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের পর এবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর। প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর ব্যক্তিগত কার্যালয়ে হানা দিতেই চক্ষুচড়কগাছ স্থানীয় বাসিন্দাদের। কার্যালয়ের ভিতরে রাজকীয় শয্যা আর ড্রয়ার ভর্তি কন্ডোমের প্যাকেট উদ্ধারকে কেন্দ্র করে শুক্রবার ব্যাপক শোরগোল পড়ে গেল গোটা এলাকায়। বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকেই এই বর্ষীয়ান রাজনীতিবিদের বিরুদ্ধে ক্ষোভ জমছিল সাধারণ মানুষের মনে। অবশেষে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতেই বিধায়কের বন্ধ দফতরে চড়াও হন শতাধিক মানুষ, আর তাতেই ফাঁস হয়ে গেল কার্যালয়ের আড়ালে চলা ‘রঙিন’ দুনিয়ার গোপন কীর্তি।[TECHTARANGA-POST:9764]স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ছিল, আমজনতার জন্য আসা ত্রিপল-সহ বিভিন্ন সরকারি ত্রাণসামগ্রী সাধারণ মানুষকে বিতরণ না করে নিজের ব্যক্তিগত কার্যালয়ের গোডাউনে লুকিয়ে রেখেছিলেন বিধায়ক। শুক্রবার সেই ক্ষোভের জেরে শয়ে শয়ে মানুষ নরেন্দ্রনাথ চক্রবর্তীর বাড়ি ও কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। উত্তেজিত জনতা একসময় কার্যালয়ের ভিতরে ঢুকে পড়লে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কিন্তু ক্ষুব্ধ জনতা তল্লাশি চালাতেই বেরিয়ে আসে আসল রহস্য। দেখা যায়, কার্যালয়ের অন্দরে তৈরি করা হয়েছে দুটি সুসজ্জিত বিলাসবহুল ঘর, যেখানে রয়েছে তোষক, দামি বিছানা ও বালিশ। আর সেই ঘরেরই একটি টেবিলের ড্রয়ার খুলতেই থরে থরে সাজানো কন্ডোমের প্যাকেট দেখে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, দীর্ঘদিন ধরেই ক্ষমতার দাপটে বিধায়কের কার্যালয়ে এই সমস্ত অনৈতিক কাজকর্ম চলত, কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে পারত না। সম্প্রতি সুরেন্দ্রনাথ কলেজে তৃণমূল ছাত্রনেতার এসি, ফ্রিজ ও অ্যাটাচ বাথরুম যুক্ত ‘বেডরুম’ এবং কন্ডোম উদ্ধারের রেশ কাটতে না কাটতেই পাণ্ডবেশ্বরের এই ঘটনা শাসকদলকে যে চরম কেলেঙ্কারির মুখে ফেলে দিল, তা আর বলার অপেক্ষা রাখে না।