নাসিক: নিট (NEET) প্রশ্নফাঁস কেলেঙ্কারিতে এবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য। ধৃত নাসিকের আয়ুর্বেদিক চিকিৎসক শুভম খৈরনারের হোয়াটসঅ্যাপ বার্তা উদ্ধার করে তদন্তকারীরা জানতে পেরেছেন, পরীক্ষার্থীদের অনায়াসেই ৫০০ থেকে ৬০০ নম্বর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতেন এই ডাক্তার। বিনিময়ে হাতিয়ে নিতেন লক্ষ লক্ষ টাকা। উদ্ধার হওয়া ডিজিট্যাল তথ্যপ্রমাণ থেকে সিবিআই-এর সন্দেহ, শুভম আদতে একটি বড়সড় সংগঠিত চক্রের সক্রিয় অংশ।[TECHTARANGA-POST:9171]সূত্রের দাবি, শুভম ও তাঁর সঙ্গীরা পরীক্ষার্থীদের গ্যারান্টি দিতেন যে ৭২০-র মধ্যে অন্তত ৫০০ থেকে ৬০০ নম্বর তাঁরা পাইয়ে দেবেনই। শুধু তাই নয়, নামী মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়েও চলত দরকষাকষি। গত এপ্রিল মাসে পুণের যশ যাদবের সঙ্গে যোগাযোগ হয় শুভমের। অভিযোগ, শুভমের হাতে নিটের প্রশ্নপত্র আসার পর তা বিলি করার দায়িত্ব দেওয়া হয়েছিল যশকে। গত ২৯ এপ্রিল এই লেনদেনের বিষয়টি চূড়ান্ত হয়।[TECHTARANGA-POST:9170]সিবিআই সূত্রে খবর, পুণের এক ব্যক্তির কাছ থেকে নিটের প্রশ্নপত্র ১০ লক্ষ টাকায় কিনেছিলেন শুভম। এরপর সেই প্রশ্নই পরীক্ষার্থীদের কাছে ১৫ লক্ষ টাকায় বিক্রি করা হত। প্রযুক্তির সাহায্যে শুভমের ডিজিট্যাল ফুটপ্রিন্ট ট্র্যাক করে কাদের কাদের প্রশ্ন পাঠানো হয়েছিল এবং কার কার সঙ্গে টাকার লেনদেন হয়েছিল, সেই তালিকা তৈরির কাজ চলছে।[TECHTARANGA-POST:9168]তদন্তকারীদের নজর এড়াতে শুভম নিজের চুল-দাড়ি কাটিয়ে নিজের চেহারা পুরোপুরি বদলে ফেলেছিলেন। কিন্তু, সিবিআই আধিকারিকরা উন্নত প্রযুক্তির সাহায্যে তাঁর পুরনো ছবির সঙ্গে বর্তমান চেহারার মিল খুঁজে পান এবং গত মঙ্গলবার তাঁকে আটক করা হয়। বর্তমানে এই চক্রের পাণ্ডা বা 'মাস্টারমাইন্ড'-এর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার