রোনাল্ডোর নামে কুৎসা ছড়ালে মিলবে কোটি টাকা! প্রাক্তন প্রেমিকার বিস্ফোরক ফাঁস
স্পোর্টস ডেস্ক: ফুটবল মাঠে তিনি যেমন অপরাজেয়, ব্যক্তিগত জীবনেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জনপ্রিয়তা আকাশচুম্বী। সিআর সেভেনের জীবনে একাধিকবার প্রেম এসেছে, আর সেই দীর্ঘ তালিকার অন্যতম এক প্রাক্তন এবার মুখ খুলে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছেন। রোনাল্ডোর প্রাক্তন ব্রিটিশ প্রেমিকা জেম্মা অ্যাটকিনসনের দাবি, বিচ্ছেদের পর ফুটবল তারকার নামে বাজে কথা বলার জন্য তাঁকে বিপুল অঙ্কের টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল।২০০৭ সালে ব্রিটিশ অভিনেত্রী ও ফিটনেস বিশেষজ্ঞ জেম্মা অ্যাটকিনসনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন রোনাল্ডো। কিন্তু সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জেম্মা জানান, তাঁদের বিচ্ছেদের পর একটি মহল থেকে তাঁকে প্রলুব্ধ করা হয় যাতে তিনি সংবাদমাধ্যমে রোনাল্ডোর নামে কুৎসা করেন। এর বিনিময়ে তাঁকে মোটা টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। তবে সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দেন জেম্মা। তাঁর কথায়, "রোনাল্ডো সম্পর্কে আমার কোনো খারাপ অভিজ্ঞতা নেই, তাই টাকা পেলেও তাঁর নামে মিথ্যা বা খারাপ কথা বলা আমার পক্ষে সম্ভব ছিল না।"মজার বিষয় হলো, রোনাল্ডোর প্রাক্তনদের তালিকায় থাকা প্রায় সকলেই বিচ্ছেদের পর তাঁর সুখ্যাতিই করেছেন। বর্তমানে পর্তুগিজ সুপারস্টার তাঁর দীর্ঘ ৯ বছরের সঙ্গী জর্জিনা রডরিগেজের সঙ্গে সুখী জীবন কাটাচ্ছেন। বারবার জর্জিনাকে ‘স্ত্রী’ বলে সম্বোধন করলেও, এবার সম্ভবত আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা। জানা যাচ্ছে, আগামী বছর ফুটবল বিশ্বকাপের পর নিজের জন্মভূমি মাদেইরার ফুনচালের ৫১১ বছরের প্রাচীন এক গির্জায় জর্জিনার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন সিআর সেভেন।