আক্রা-সন্তোষপুর: ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল দক্ষিণ ২৪ পরগনার আক্রা-সন্তোষপুর এলাকা। ১৬ বিঘা বস্তিতে লাগা বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল প্রায় ৪০টি ঝুপড়ি। আগুনের লেলিহান শিখা এতটাই প্রবল ছিল যে - রেললাইনের ওভারহেড তারও ভস্মীভূত হয়ে গিয়েছে! এর ফলে শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেনচলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। চরম ভোগান্তির মুখে পড়েন হাজার-হাজার যাত্রী।[TECHTARANGA-POST:8388]শনিবার দুপুর দেড়টা নাগাদ আচমকাই আগুন লাগে ওই বস্তিতে। ঘিঞ্জি এলাকা হওয়ায় এবং বস্তিতে প্রচুর পরিমাণে দাহ্য বস্তু মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডের জেরে প্রায় ৪০টি পরিবার আজ গৃহহীন। অন্যদিকে, রেললাইনের একদম ধারেই বস্তিটি হওয়ায় ওভারহেড তার পুড়ে যায়। ফলে আপ ও ডাউন দুই লাইনেই ট্রেনচলাচল বন্ধ করে দেওয়া হয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে প্রথমে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছলেও এলাকার ঘিঞ্জি পরিবেশের কারণে কাজ শুরু করতে বেগ পেতে হয় দমকলকর্মীদের। পরে আরও ইঞ্জিন সেখানে পাঠানো হয়।[TECHTARANGA-POST:8381]এদিকে, এই ঘটনার পর সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বস্তিবাসী। আগুনের হাত থেকে বাঁচতে অনেককেই শিশুদের নিয়ে রেললাইনের উপর আশ্রয় নিতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) শিবরাম মাজি জানিয়েছেন, "আমরা দ্রুত রেল পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছি। বিশেষজ্ঞদের একটি দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় রেল প্রস্তুত।"[TECHTARANGA-POST:8374]এদিকে ঘটনাস্থলে পৌঁছেছেন মহেশতলা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভাশিস দাস। সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ও ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানা গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ এখনও যুদ্ধকালীন তৎপরতায় চলছে। কতক্ষণে ট্রেনচলাচল স্বাভাবিক হবে, তা নিয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি রেল কর্তৃপক্ষ।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার