হাসপাতালে ‘মারাঠা স্ট্রংম্যান’! বারামতির হাইভোল্টেজ লড়াইয়ের আগেই অসুস্থ শরদ পাওয়ার
মুম্বই: মহারাষ্ট্রের রাজনীতিতে ফের উৎকণ্ঠার ছায়া। হঠাৎই অসুস্থ হয়ে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন এনসিপি (এসপি) প্রধান শরদ পাওয়ার। দলীয় সূত্রের খবর, দু’দিন আগে শারীরিক অবস্থা কিছুটা গুরুতর আকার ধারণ করায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৮৫ বছর বয়সী এই প্রবীণ নেতার বুকে সংক্রমণ ধরা পড়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে তিনি স্থিতিশীল থাকলেও এই অসুস্থতা নিয়ে জাতীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।[TECHTARANGA-POST:8234]শরদ পাওয়ারের কন্যা তথা সাংসদ সুপ্রিয়া সুলে জানিয়েছেন, নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা ও কিছু জরুরি ডাক্তারি পরীক্ষার কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তিনি আরও জানান, হাসপাতালে থাকার কারণে আপাতত বারামতি যেতে পারবেন না পাওয়ার। পরীক্ষার রিপোর্ট আসার পরেই তাঁর স্বাস্থ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।উল্লেখ্য, অজিত পাওয়ারের প্রয়াণের পর বারামতি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। সেখানে প্রার্থী হয়েছেন অজিতের স্ত্রী সুনেত্রা পাওয়ার। এই উপনির্বাচনের প্রচারে অংশ নিতেই বারামতি যাওয়ার কথা ছিল শরদ পওয়ারের। কিন্তু, এই অসুস্থতা তাঁর সেই কর্মসূচিতে জল ঢেলে দিল। সম্প্রতি রাজ্যসভায় হুইলচেয়ারে বসে তাঁকে শপথ নিতে দেখা গিয়েছিল, যা তাঁর শারীরিক অবস্থার অবনতির ইঙ্গিত দিচ্ছিল। এর আগে ফেব্রুয়ারি মাসেও বুকে সংক্রমণ এবং ডিহাইড্রেশনের জেরে পুনের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে।[TECHTARANGA-POST:8234]শরদ পাওয়ারের শারীরিক অবস্থা নিয়ে যাতে কোনও গুজব না ছড়ায়, সেই বিষয়ে সতর্ক করেছেন এনসিপি নেতারা। তাঁদের দাবি, আগামী দু-একদিনের মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন ‘মারাঠা স্ট্রংম্যান’। তবে, বারামতির রণক্ষেত্রে তাঁর অনুপস্থিতি রাজনৈতিকভাবে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।