ফের বন্দুকবাজের তাণ্ডবে রক্তাক্ত আমেরিকা: লুইজিয়ানায় এলোপাথাড়ি গুলিতে মৃত্যু ৮ শিশুর
মার্কিন মুলুকে বন্দুকবাজের দৌরাত্ম্যে ফের ঝরল রক্ত। এবার লুইজিয়ানা প্রদেশের শ্রিভপোর্ট শহরে ভয়াবহ শ্যুটআউটের ঘটনায় মৃত্যু হল অন্তত ৮ শিশুর। স্থানীয় সময় অনুযায়ী, রবিবার ভোরে আততায়ী তিনটি বাড়িতে হানা দিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ওয়েস্ট স্ট্রিট এবং হ্যারিসন স্ট্রিটের তিনটি বাড়িতে চালানো এই হামলায় মোট ১০ জন গুলিবিদ্ধ হন, যাঁদের মধ্যে আটজন শিশু ঘটনাস্থলেই প্রাণ হারায়। গুরুতর আহত অবস্থায় দুই মহিলা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মর্মান্তিক বিষয় হলো, নিহত শিশুদের মধ্যে খোদ আততায়ীর সন্তানও রয়েছে বলে প্রাথমিক সূত্রে জানা গিয়েছে।[TECHTARANGA-POST:8172]গুলির শব্দ পেয়ে এলাকায় টহলরত পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে অভিযুক্ত যুবক পালানোর চেষ্টা করে। সেই সময় পুলিশের সঙ্গে তাঁর ব্যাপক ধস্তাধস্তি এবং গুলির লড়াই শুরু হয়। শেষ পর্যন্ত পুলিশের এনকাউন্টারে খতম হয় ওই বন্দুকবাজ। লুইজিয়ানা পুলিশ জানিয়েছে, তদন্তে নেমে তাঁরা জানতে পেরেছেন অভিযুক্ত মানসিকভাবে বিপর্যস্ত ছিল, তবে ঠিক কী কারণে সে নিজের সন্তানসহ একঝাঁক শিশুর ওপর প্রাণঘাতী হামলা চালাল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় কোনো পুলিশ কর্মী আহত হননি বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।