হাওড়া: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দক্ষিণ-পূর্ব রেলের শালিমার স্টেশন। বুধবার শালিমার স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হল একটি লোকাল ট্রেন। সাঁতরাগাছি থেকে শালিমার আসার পথে ৩ নম্বর প্ল্যাটফর্মের ঠিক আগে ট্রেনের একটি কামরা লাইন থেকে ছিটকে যায়। তবে স্বস্তির বিষয় এই যে, সেই সময় ট্রেনটি খালি থাকায় কোনও হতাহতের খবর মেলেনি।দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওম প্রকাশ চরণ জানিয়েছেন, ট্রেনটি যখন লাইনচ্যুত হয়, তখন তাতে কোনও যাত্রী ছিল না। ফলে এক বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন রেলের ইঞ্জিনিয়ার ও উচ্চপদস্থ আধিকারিকরা। যুদ্ধকালীন তৎপরতায় লাইনচ্যুত কামরাটি উদ্ধারের কাজ শুরু করা হয়েছে।[TECHTARANGA-POST:6576]এই দুর্ঘটনার জেরে বর্তমানে শালিমার স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে বাকি প্ল্যাটফর্মগুলি দিয়ে ট্রেন পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা চালাচ্ছে রেল কর্তৃপক্ষ। ঠিক কী কারণে এই বিচ্যুতি ঘটল— যান্ত্রিক গোলযোগ নাকি লাইনে কোনও ত্রুটি ছিল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে রেল। খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার