তামিলনাড়ুতেও ভোট-সুনামি ভাঙল রেকর্ড! স্ট্যালিনের গদি কি টলমল? নাকি 'কালো ঘোড়া' অভিনেতা বিজয়?
চেন্নাই: বাংলার প্রথম দফার পাশাপাশি দক্ষিণী রাজ্য তামিলনাড়ুতেও গণতন্ত্রের মহোৎসব ছাপিয়ে গেল আগের সব রেকর্ড! বৃহস্পতিবার এক নজিরবিহীন ভোটদানের সাক্ষী থাকল তামিলভূম। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে ৭৮.২৯ শতাংশের যে রেকর্ড ছিল, এবার তা অনায়াসেই পার হয়ে ৮০ শতাংশের গণ্ডী ছাড়িয়ে গেল ভোটদানের হার। আর এই ‘ভোট-সুনামি’ দেখেই কপালে চিন্তার ভাঁজ শাসক থেকে বিরোধী — সব পক্ষেরই। প্রশ্ন উঠছে, এই বিপুল জনসমর্থন কি স্ট্যালিনের ডিএমকে সরকারের উপর আস্থা, নাকি পরিবর্তনের ডাক?[TECHTARANGA-POST:8357]এবারের নির্বাচনে মোট ৫.৭৩ কোটি ভোটারের মধ্যে ৮০ শতাংশেরও বেশি মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তালিকায় পুরুষ ভোটারের (২.৮৩ কোটি) চেয়ে মহিলা ভোটারের (২.৯৩ কোটি) সংখ্যা বেশি হওয়াটা বিশেষ তাৎপর্যপূর্ণ। ২৩৪টি আসনের ৪ হাজার ২৩ জন প্রার্থীর ভাগ্য এখন ইভিএম-বন্দি। এর আগে ভোটারতালিকা সংশোধনের মাধ্যমে প্রায় ৫৬ লক্ষ নাম বাদ দেওয়া হলেও, ভোটদানের উৎসাহে বিন্দুমাত্র ভাটা পড়েনি।[TECHTARANGA-POST:8356]এবারের লড়াইয়ে নজর কাড়ছে একাধিক হেভিওয়েট কেন্দ্র। মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন কোলাথুর কেন্দ্র থেকে লড়েছেন। অন্যদিকে, তাঁর ছেলে উদয়নিধি লড়েছেন চিপক-তিরুভালিকেনি কেন্দ্রে। বিরোধী দলনেতা ই.কে. পালানিস্বামী লড়েছেন সালেমের এডাপড্ডি থেকে। তবে, এবারের ভোটের ‘এক্স-ফ্যাক্টর’ মনে করা হচ্ছে জনপ্রিয় তামিল সুপারস্টার থলপতি বিজয়কে। তিরুচিরাপল্লি পূর্ব কেন্দ্র থেকে তাঁর দল ‘টিভিকে’ ময়দানে নামায় লড়াই এখন ত্রিমুখী।[TECHTARANGA-POST:8353]রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ডিএমকে সরকারের বিরুদ্ধে কোনও প্রকাশ্য ক্ষোভ না থাকলেও জনমানসে পরিষেবার মান এবং আইনশৃঙ্খলা নিয়ে একটা ‘অসন্তোষের চোরাস্রোত’ বইছে। এছাড়া স্ট্যালিনের কট্টর ‘সনাতন বিরোধী’ অবস্থানও হিন্দু ভোটব্যাঙ্কে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।লাখ টাকার প্রশ্ন হল, যদি মানুষের মনে অসন্তোষ থাকে, তবে সেই ভোট কি সরাসরি প্রধান বিরোধী দল এআইএডিএমকে-বিজেপি জোটের ঝুলিতে যাবে? এখানেই ফ্যাক্টর অভিনেতা বিজয়। মনে করা হচ্ছে, বিজয় যদি ১০ শতাংশের বেশি ভোট কাটতে পারেন, তবে তা মূলত বিরোধী ভোটব্যাঙ্কেই থাবা বসাবে। ফলে বিরোধী ভোট ভাগাভাগি হয়ে যাওয়ার সুবিধা পেয়ে শেষ পর্যন্ত বেঁচে যেতে পারেন স্ট্যালিন।[TECHTARANGA-POST:8359]আগামী ৪ মে ফলপ্রকাশের দিনই পরিষ্কার হবে, তামিলনাড়ুর এই রেকর্ড ভোটদান কি স্ট্যালিনের ‘রিটার্ন টিকিট’ নাকি বিজয়ের নতুন ‘এন্ট্রি’?