কোটি কোটি টাকার সোনা-নগদ উদ্ধারের পর উধাও! 'পাথর সম্রাট' টুলুর সিউড়ির বাড়িতে আদালতের নোটিস
সিউড়ি: বীরভূমের অবৈধ পাথর ব্যবসার বেপরোয়া কারবারি তথা ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল ওরফে নাজিবউদ্দিনকে ঘেরাও করতে এবার সাঁড়াশি চাপ বাড়াল প্রশাসন। গ্রেফতারি পরোয়ানা এবং ইন্টারপোলের ‘রেড কর্নার’ নোটিস জারি হওয়ার পরেও বেপাত্তা এই মাফিয়ার সিউড়ির সুভাষপল্লির বাড়িতে বৃহস্পতিবার সকালে সশরীরে হাজিরার আইনি নোটিস সাঁটিয়ে দেওয়া হল। [TECHTARANGA-POST:11649]জেলা প্রশাসনের আধিকারিকেরা সকাল সাড়ে ৮টা নাগাদ টুলুর বাড়িতে পৌঁছে ইংরেজি নোটিসের পাশাপাশি একটি বাংলা ‘বিশেষ ঘোষণা’ ঝুলিয়ে দেন। তাতে পরিষ্কার জানানো হয়েছে, সংগঠিত অপরাধ, তথ্যপ্রমাণ লোপাট ও বিশ্বাসভঙ্গের মতো একাধিক গুরুতর অভিযোগে অভিযুক্ত টুলু গ্রেফতারি এড়াতে আত্মগোপন করে রয়েছেন। সিউড়ি আদালত তাঁকে আনুষ্ঠানিকভাবে ‘পলাতক’ চিহ্নিত করে আগামী শুক্রবার সকাল সাড়ে ১০টার মধ্যে আদালতে উপস্থিত থাকার চূড়ান্ত নির্দেশ দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে হাজিরা না দিলে তাঁকে ‘ঘোষিত অপরাধী’ হিসেবে চিহ্নিত করা হবে।[TECHTARANGA-POST:11639]সম্প্রতি বীরভূমের মহম্মদবাজার থানার দেউচা গ্রামে টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হয় নগদ সাড়ে ২৮ কোটি টাকা এবং ১৫ কেজি সোনা। এই বিশাল পরিমাণ অবৈধ সম্পদ উদ্ধারের পর থেকেই তদন্তকারীদের আতশকাচের নিচে আসেন টুলু। পুলিশ ও তদন্তকারী সংস্থাগুলি তাঁর সম্ভাব্য প্রতিটি ডেরায় তল্লাশি চালানোর পাশাপাশি ঘনিষ্ঠ ও আত্মীয়দের জিজ্ঞাসাবাদ চালিয়েও এখনও তাঁর কোনও সুরাহা করতে পারেনি। অন্যদিকে, সিউড়ির বিভিন্ন খাদান এলাকাতেও প্রশাসনিকভাবে মাইকিং করে টুলুর হাজিরার বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। আদালত সূত্রের খবর, সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় আগেই স্পষ্ট করেছেন যে, শুক্রবারের মধ্যে টুলু আদালতে আত্মসমর্পণ না করলে তাঁকে 'ঘোষিত অপরাধী' হিসেবে চিহ্নিত করে তাঁর স্থাবর-অস্থাবর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার আইনি প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে।