রবীন্দ্র সরোবর স্টেশনে দমদমগামী মেট্রোর রেকে ধোঁয়া, যাত্রী নামিয়ে শুরু তৎপরতা
শুক্রবার সকালেই কলকাতা মেট্রোয় ফের আতঙ্কের পরিস্থিতি তৈরি হল। রবীন্দ্র সরোবর স্টেশনে দমদমগামী একটি মেট্রো ট্রেনের রেকে ধোঁয়া দেখতে পান কর্মীরা। সঙ্গে সঙ্গেই নিরাপত্তার স্বার্থে যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয় এবং পরিস্থিতি খতিয়ে দেখা শুরু হয়।মেট্রো সূত্রে জানা গিয়েছে, সকাল ১০টা ৩৭ মিনিট নাগাদ ঘটনাটি নজরে আসে। এরপর কিছু সময়ের জন্য পরিষেবা ব্যাহত হয়। তবে মেট্রো কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ করায় দীর্ঘক্ষণ সমস্যা স্থায়ী হয়নি। প্রায় ১১ মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পরিষেবা স্বাভাবিক করা হয়। এদিন সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় টানা বৃষ্টি চলছিল। শহরের বিভিন্ন জায়গায় জল জমার কারণে বহু মানুষের ভরসা ছিল মেট্রো পরিষেবা। সেই সময়েই এই ঘটনায় স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়ায়।যদিও ধোঁয়া ঠিক কী কারণে দেখা গিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। মেট্রো কর্তৃপক্ষও ঘটনার কারণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে সূত্রের খবর। উল্লেখ্য, কলকাতা মেট্রোয় এর আগেও একাধিকবার ধোঁয়া বা যান্ত্রিক ত্রুটির ঘটনা সামনে এসেছে। ফলে শুক্রবারের ঘটনাও যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল।