পুনে: ৩ মে, ২০২৬: দিদার বাড়িতে গরমের ছুটি কাটাতে গিয়েছিল একরত্তি শিশু, কিন্তু সেখানেই ওত পেতে ছিল সাক্ষাৎ যম। মহারাষ্ট্রের পুনে সংলগ্ন ভোর এলাকায় চার বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের অভিযোগে উত্তাল হয়ে উঠল গোটা রাজ্য। অভিযুক্ত ৬৫ বছরের এক বৃদ্ধের লালসার শিকার হতে হলো ওই শিশুকে। এই নৃশংস ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তের দ্রুত ফাঁসির দাবিতে রবিবার রণক্ষেত্রের চেহারা নেয় মুম্বই-বেঙ্গালুরু হাইওয়ে। দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক, যার জেরে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।[TECHTARANGA-POST:8704]পুলিশ সূত্রের খবর, গত শুক্রবার খাবারের লোভ দেখিয়ে রাস্তা থেকে ওই শিশুকে তুলে নিয়ে যান অভিযুক্ত বৃদ্ধ। বাড়ির কাছের একটি নির্জন গোয়ালঘরে নিয়ে গিয়ে শিশুটির ওপর পাশবিক অত্যাচার চালিয়ে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ অভিযুক্তকে শনাক্ত করে এবং ওই গোয়ালঘর থেকেই নিথর দেহটি উদ্ধার করা হয়। জানা গিয়েছে, ধৃত বৃদ্ধ এক পেশাদার অপরাধী, এর আগেও একাধিক ঘটনায় সে জেল খেটেছিল। [TECHTARANGA-POST:8690]এমন এক বিকৃত মানসিকতার মানুষ কীভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিল, তা নিয়ে প্রশাসনের দিকে আঙুল তুলেছেন গ্রামবাসীরা। উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫ দিনের মধ্যে চার্জশিট জমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আপাতত ৭ মে পর্যন্ত পুলিশি হেফাজতে থাকা ওই অপরাধীর বিরুদ্ধে পকসো এবং ভারতীয় ন্যায় সংহিতার কঠোর ধারায় মামলা রুজু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মহারাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বর্তমানে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক তরজাও তুঙ্গে।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার