বঙ্গে পদ্ম ফুটতেই বড় ‘অ্যাকশন’! অবশেষে মুক্তি পাচ্ছে নিষিদ্ধ ছবি ‘বেঙ্গল ফাইলস’, দায়িত্বে কারা?
কলকাতা: বঙ্গে গৈরিক সূর্যোদয়ের ঠিক ৯৬ ঘণ্টার মাথায় বড় চমক। অবশেষে কাটতে চলেছে টলিউডের দীর্ঘদিনের এক ‘অঘোষিত’ নিষেধাজ্ঞা। চব্বিশের লোকসভা থেকে ছাব্বিশের বিধানসভা— যে ছবিকে ঘিরে বারবার উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি, সেই ‘দ্য বেঙ্গল ফাইলস’ এবার মুক্তি পেতে চলেছে বাংলার প্রেক্ষাগৃহে। আগামী ৮ মে, শুক্রবার থেকে কলকাতার পাশাপাশি জেলাতেও বড় পর্দায় দেখা যাবে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই বিতর্কিত সিনেমা।[TECHTARANGA-POST:8856]পরিচালক বিবেক অগ্নিহোত্রীর দাবি, ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর সময় থেকেই তাঁকে বাংলায় কোণঠাসা করার চেষ্টা হয়েছিল। এমনকী, গত বছর ‘দ্য বেঙ্গল ফাইলস’ সম্পূর্ণ প্রস্তুত থাকলেও এ রাজ্যে তার প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়। পরিচালকের অভিযোগ, ট্রেলার লঞ্চে বাধা, শারীরিক আক্রমণ থেকে শুরু করে ডজন ডজন এফআইআর— সব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছিল তাঁকে। তবে, রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই খুশির মেজাজে পরিচালক। তিনি বলেন, “ভাগ্যিস হাল ছাড়িনি। এবার কলকাতার বাইরেও বাংলার গ্রামে-গঞ্জে এই ছবি পৌঁছে দেব।”[TECHTARANGA-POST:8854]কলকাতার নামী প্রেক্ষাগৃহ ‘প্রিয়া’-তে প্রদর্শিত হতে চলেছে এই ছবি। হল মালিক অরিজিৎ দত্ত অত্যন্ত স্পষ্ট ভাষায় তাঁর ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন, “শুধুমাত্র রাজনৈতিক স্বৈরাচারের কারণে সেন্সর প্রাপ্ত একটি ছবি এতদিন বাংলায় দেখানো যায়নি। অথচ, ভারতের বাকি রাজ্যে তা চলেছে। মানুষের মধ্যে এই ছবি নিয়ে প্রবল কৌতূহল ছিল, অবশেষে সেই সুযোগ আসছে।”[TECHTARANGA-POST:8852]তিলোত্তমার গণ্ডী ছাড়িয়ে জেলাস্তরেও ছবিটি পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন টলিপাড়ার বিশিষ্ট পরিবেশক শতদীপ সাহা। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই রাজ্যজুড়ে প্রেক্ষাগৃহের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। দক্ষিণ থেকে উত্তর— সর্বত্রই যাতে এই ছবি মুক্তি পায়, সেই ব্লু-প্রিন্ট এখন তৈরি।[TECHTARANGA-POST:8850]উল্লেখ্য, এই ছবিতে অভিনয় করেছেন সৌরভ দাস ও শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো টলিউডের জনপ্রিয় অভিনেতারা। সে সময়ে ‘বাঙালি হয়ে কেন বাংলা বিরোধী সিনেমা?’— এমন প্রশ্ন তুলে তাঁদেরও তীব্র আক্রমণের মুখে পড়তে হয়েছিল। এমনকী, গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের পরিবারের পক্ষ থেকেও আইনি পদক্ষেপ করা হয়েছিল। তবে, রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে-সঙ্গেই এখন ছবি মুক্তির সব বাধা দূর হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।