কলকাতা: শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়তাক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে এবার সরাসরি অ্যাকশনে নামল সিবিআই। মঙ্গলবার দায়িত্ব নেওয়ার পরই মধ্যমগ্রামের সেই রক্তঝরা ঘটনাস্থল পরিদর্শনে গেলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তবে, সিবিআই তদন্ত শুরু হতেই রাজ্য পুলিশের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলতে শুরু করেছেন ধৃত রাজ সিংয়ের পরিবার ও তাঁর আইনজীবী। যা এই হাইপ্রোফাইল মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।[TECHTARANGA-POST:9041]বিবৃতি জারি করে সিবিআই জানিয়েছে, চন্দ্রনাথ খুনের রহস্যভেদে সাত সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। কলকাতা জোনের যুগ্ম নির্দেশকের অধীনে এই দল কাজ করবে। মঙ্গলবার তাঁরা মধ্যমগ্রামের দোহাড়িয়ায় গিয়ে সেই জায়গাটি খুঁটিয়ে দেখেন যেখানে গত ৬ মে রাতে প্রাক্তন বায়ুসেনা কর্মী চন্দ্রনাথকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল।[TECHTARANGA-POST:9030]এদিকে ধৃত রাজ সিংয়ের আইনজীবী হরিবংশ সিং সিবিআই তদন্তকে স্বাগত জানিয়েছেন। তবে, পশ্চিমবঙ্গ পুলিশের ভূমিকা নিয়ে তিনি কড়া সমালোচনা করে বলেন, রাজকে অযোধ্যা থেকে গ্রেফতারের সময় কোনও আইনি প্রক্রিয়া মানা হয়নি। এমনকী, স্থানীয় ম্যাজিস্ট্রেটের ট্রানজিট রিমান্ড ছাড়াই তাঁকে বিমানে কলকাতা নিয়ে আসা হয়েছে বলে তাঁর অভিযোগ। আইনজীবীর দাবি, আইনি ফাঁক ঢাকতেই তড়িঘড়ি এই কাজ করেছে পুলিশ।[TECHTARANGA-POST:9021]সবথেকে বিস্ফোরক দাবি করেছেন রাজের মা জামবন্তী সিং। তাঁর দাবি, "আমার ছেলেকে ফাঁসানো হয়েছে।" তিনি জানান, খুনের ঘটনার সময় রাজ লখনউয়ে এক প্রভাবশালীর মেয়ের বিয়েতে হাজির ছিলেন। ৯ মে সকালে অযোধ্যা যাওয়ার পথে একটি ধাবা থেকে তাঁদের তুলে নেওয়া হয়। জামবন্তীর প্রশ্ন, যদি রাজ অপরাধীই হবে তবে, সে প্রকাশ্য স্থানে ঘুরে বেড়াত না। তাঁর দাবি মেনেই তিনি সিবিআই তদন্ত চেয়েছিলেন যাতে সত্যি সামনে আসে।[TECHTARANGA-POST:8998]তদন্তে জানা গিয়েছে, চন্দ্রনাথের গাড়ির পথ আটকে অত্যন্ত পেশাদার খুনি বা ‘সুপারি কিলার’ দিয়ে এই কাজ করানো হয়েছে। রাজ ছাড়াও ময়াঙ্করাজ মিশ্র ও ভিকি মৌর্য বর্তমানে শ্রীঘরে। এখন প্রশ্ন হচ্ছে, ধৃতদের পরিবারের দাবি অনুযায়ী পুলিশ কি সত্যিই তড়িঘড়ি কাউকে ধরে মামলা সাজিয়েছে? নাকি কেন্দ্রীয় গোয়েন্দারা খুঁজে পাবেন এই খুনের নেপথ্যে থাকা মাস্টারমাইন্ডকে? উত্তরের অপেক্ষায় গোটা বাংলা।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার