25
October
2026
০৮ কার্তিক ১৪৩৩
রবিবার • হেমন্তকাল
সময় লোড হচ্ছে...
Home Top-News Rahul Gandhi: পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় রাহুল গান্ধীর কনভয়!
Top-Newsদেশ

Rahul Gandhi: পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় রাহুল গান্ধীর কনভয়!

Share
Share

সুলতানপুর: সুলতানপুর আদালতে মানহানি মামলায় সশরীরে হাজিরা দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর কনভয়। উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে পরপর পাঁচটি গাড়ির বিকট সংঘর্ষে আহত হয়েছেন একাধিক কংগ্রেস কর্মী ও নিরাপত্তা কর্মী। তবে রায়বরেলীর সাংসদ রাহুল গান্ধীর গাড়িটি এই ঘটনায় অক্ষত রয়েছে এবং তিনি সম্পূর্ণ সুরক্ষিত রয়েছেন বলে পুলিশ ও দলীয় সূত্রের খবর।

সোমবার সকালে লখনউয়ের চৌধুরী চরণ সিংহ বিমানবন্দরে অবতরণ করেন রাহুল গান্ধী। সেখান থেকে দলীয় নেতাকর্মীদের বিরাট গাড়ির বহর নিয়ে প্রায় ১৩৫ কিলোমিটার দূরে সুলতানপুর আদালতের উদ্দেশে রওনা দেন তিনি।রাজ্য রাজধানী লখনউ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে হালিয়াপুর থানা এলাকায় পৌঁছতেই ঘটে এই মর্মান্তিক বিপত্তি। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এক্সপ্রেসওয়ের একেবারে ডান দিকের ফাস্ট লেনে একটি অ্যাম্বুল্যান্স দাঁড়িয়ে ছিল।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের দাবি, রাহুলের কনভয়ের পিছনে থাকা কংগ্রেস নেতাদের একটি ব্যক্তিগত গাড়ির চালক আচমকা ব্রেক কষায় পিছনের গাড়িগুলি পরপর একে অপরের পেছনে সজোরে ধাক্কা মারে। একটি এসইউভি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে অ্যাম্বুল্যান্সে গিয়ে ধাক্কা দেয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় সুলতানপুর পুলিশ। 

আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সুলতানপুরের পুলিশ সুপার জানিয়েছেন, রাহুল গান্ধীর নিজস্ব কনভয়ের গাড়িগুলির কোনো ক্ষতি হয়নি, দুর্ঘটনাটি ঘটেছে তাঁকে অনুসরণ করা দলীয় নেতাদের গাড়িগুলির মধ্যে।

২০১৮ সালের একটি মানহানি মামলায় সোমবার সুলতানপুরের বিশেষ এমপি-এমএলএ আদালতে রায় ঘোষণার কথা ছিল। ২০১৮ সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারের সময় বেঙ্গালুরুতে বিজেপি নেতা তথা তৎকালীন সভাপতি অমিত শাহ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সুলতানপুর জেলা সমবায় ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান বিজয় মিশ্র রাহুলের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছিলেন। 

মামলার রায় ঘোষণার জন্য আদালতে রাহুলের সশরীরে উপস্থিতি বাধ্যতামূলক ছিল। এই গুরুত্বপূর্ণ আইনি প্রক্রিয়ায় যোগ দিতে যাওয়ার পথেই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে এমন দুর্ঘটনার মুখে পড়তে হলো এই বর্ষীয়ান কংগ্রেস নেতাকে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *