মুম্বই: ভক্তদের চমকে দেওয়া যেন তাঁর স্বভাবসিদ্ধ। কিন্তু বুধবার একেবারে কাকভোরে সোশ্যাল মিডিয়ায় যা করলেন বলিউড ‘ভাইজান’ সলমন খান, তাতে শোরগোল পড়ে গেল গোটা নেটপাড়ায়। চলতি বছরের অন্যতম চর্চিত ছবি ‘মাতৃভূমি’-র একটি নতুন গান হঠাৎ করেই ভোরবেলা প্রকাশ্যে আনলেন সলমন। গানের শিরোনাম ‘তেরি সেক্সি বিউটি’। সাজিদ খানের সুরে এই গানটিতে কেবল সুরই দেননি, নিজের গলায় গানটি গেয়েছেন স্বয়ং সলমনও। গানের ভিডিয়োয় তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে গ্ল্যামারাস চিত্রাঙ্গদা সিংহকে। কিন্তু গানটির উন্মাদনার চেয়েও বেশি নজর কেড়েছে সলমনের ভোররাতের সেই বিতর্কিত পোস্ট এবং গানের লিরিক্স।
ভোরবেলা সোশ্যাল মিডিয়ায় গানটি শেয়ার করে সলমন মজার ছলে লেখেন, “ভোর ৫টা ১২ মিনিটে রওনা। বিমান ঠিক সময়েই ছাড়ছে। দু’পেগ হয়ে গিয়েছে। এ বার আমার সুন্দরীর সঙ্গে উড়তে চলেছি। জানি না কোথায় গিয়ে নামব!” অভিনেতার এমন খোলামেলা পোস্ট দেখে একদিকে যেমন তাঁর অন্ধ ভক্তরা উচ্ছ্বসিত, তেমনই অন্যদিকে তীব্র সমালোচনার ঝড় উঠেছে নেটনাগরিকদের একাংশের মধ্যে। বিশেষ করে ‘মাতৃভূমি’ ছবিটি একটি দেশাত্মবোধক ও বাস্তব ঘটনা নির্ভর সিনেমা হওয়া সত্ত্বেও কেন এমন অশ্লীল বা চটুল ভাষার গান ব্যবহার করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। জনৈক নেটাগরিক ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি দেশাত্মবোধক ছবিতে এ সব কী ধরনের কথা! এক জাতীয় বীরের চরিত্রকে জলের দরে নামিয়ে দেওয়া হলো!” গানের একটি লাইনে রয়েছে— “তেরি সেক্সি বিউটি কা ফ্যান বন গয়া হুঁ, দো পেগ পি কে এরোপ্লেন বন গয়া হুঁ।” এই পংক্তিটি ঘিরেই মূলত আপত্তি ও বিতর্কের সূত্রপাত।
আরও পড়ুন: অভিষেকের খাসতালুকে তৃণমূলের পার্টি অফিসে টাকার পাহাড়, উদ্ধার সোয়া কোটি টাকা!
উল্লেখ্য, এই ছবির নাম নিয়েও এর আগে বহু জলঘোলা হয়েছে। প্রথমে ছবিটির নাম ‘ব্যাটল অফ গলওয়ান’ ঠিক হলেও সেন্সর বোর্ডের ছাড়পত্র না মেলায় নাম বদল করে রাখা হয় ‘মাতৃভূমি’। ছবির বিষয়বস্তু ও চিত্রনাট্য নিয়ে প্রতিরক্ষামন্ত্রকের কিছু আপত্তি থাকায় বেশ কিছু দৃশ্যের রি-শুটও করতে হয়েছে নির্মাতাদের। যদিও শোনা যাচ্ছে ছবিটি সরকারের তরফে সবুজ সঙ্কেত পেয়েছে, তবুও এখনও পর্যন্ত চূড়ান্ত চলচ্চিত্র শংসাপত্র বা সেন্সর সার্টিফিকেট হাতে আসেনি। চলতি বা আগামী মাসেই ছবিটি প্রেক্ষাগৃহে আসার গুঞ্জন শোনা গেলেও নির্মাতারা এখনও মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা করেননি। এর মাঝেই শাহরুখ খানের ‘কিং’ ছবির গানের সঙ্গে সলমনের এই নতুন গানের উন্মাদনা নিয়ে বক্স অফিসে ফের দুই খানের স্নায়ুযুদ্ধ শুরু হয়ে গিয়েছে কি না, তা নিয়ে জোর জল্পনা চলছে বলিপাড়ায়।
Leave a comment