•
Home Top-News India vs Pakistan: ৩৪ হাজার বসার জায়গায় আবেদন ৮৪ লাখের! ওভার শুরুর আগেই হটকেক ভারত-পাক মহারণ
Top-Newsখেলা

India vs Pakistan: ৩৪ হাজার বসার জায়গায় আবেদন ৮৪ লাখের! ওভার শুরুর আগেই হটকেক ভারত-পাক মহারণ

Share
ফাইল ছবি।
Share

দুবাই: ম্যাচ হতে এখনও প্রায় এক বছর বাকি।

 কিন্তু বিশ্ব ফুটবলের মহারণ কিংবা যে কোনও মেগা ইভেন্টকে বহু পেছনে ফেলে দিয়ে ক্রিকেট বিশ্বের আবহাওয়া এখনই উত্তপ্ত। ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আকর্ষণের কেন্দ্রবিন্দু ভারত-পাকিস্তান দ্বৈরথ। 

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত টিকিট ব্যালটের প্রাথমিক পরিসংখ্যান সামনে আসতেই চোখ কপালে ওঠার জোগাড় ক্রীড়াপ্রেমীদের। মাত্র ৩৪ হাজার আসনবিশিষ্ট জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচের টিকিটের জন্য জমা পড়েছে প্রায় ৮৪ লাখ (৮৩,৯৭,২৯৪) আবেদন। টিকিটের এই রেকর্ড জোয়ার টুর্নামেন্টের মেগা ফাইনালকেও পেছনে ফেলে দিয়েছে।

ফাইনালকে টেক্কা দিয়ে এক নম্বরে ‘মাদার অফ অল ব্যাটেলস’

আগামী ২০২৭ সালের ১০ অক্টোবর ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ভারত ও পাকিস্তানের এই মহারণ। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি জানিয়েছে, চলমান টিকিট ব্যালটে এই একটি ম্যাচের জন্যই বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে।

আরও পড়ুন: পেসারদের দাপটের পর কোহলির মাস্টারক্লাস, নিউজিল্যান্ডকে উড়িয়ে জয় ভারতের

মজার বিষয় হল, আগামী ২১ নভেম্বর ওই একই মাঠে আয়োজিত হতে চলা বিশ্বকাপের মেগা ফাইনাল ম্যাচের জন্য আবেদন জমা পড়েছে প্রায় ৭৯ লাখ (৭৯,০০,৯৪৪)। অর্থাৎ, ফাইনালকেও জনপ্রিয়তা ও টিকিটের চাহিদায় বহু যোজন পেছনে ফেলে দিয়ে টুর্নামেন্টের এক নম্বর আকর্ষণে পরিণত হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। 

২৪ বছর পর আফ্রিকায় ফিরছে একদিনের বিশ্বকাপ। যৌথভাবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায় আয়োজিত হতে চলা এই চতুর্দশ সংস্করণের মোট ১৪টি দল ১২টি স্টেডিয়ামে ৫৭টি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে। সম্পূর্ণ টুর্নামেন্টের জন্য বিশ্বের ১৯৩টি দেশ থেকে ১২ কোটিরও বেশি টিকিটের আবেদন জমা পড়েছে, যার মধ্যে ২৮ লাখের বেশি ভক্ত তাঁদের আগ্রহ নথিভুক্ত করেছেন।

জোহানেসবার্গের ৩৪ হাজার আসন ও টিকিটের অভূতপূর্ব হাহাকার

আফ্রিকায় ক্রিকেট মহাযজ্ঞের সূচনা হবে ২০২৭ সালের ২ অক্টোবর। সুপার সিরিজ, গ্রুপ স্টেজ, সুপার সেভেন পেরিয়ে সেমিফাইনাল ও ফাইনালের দিকে গড়াবে টুর্নামেন্ট। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে অস্ট্রেলিয়া। কিন্তু এত বড় টুর্নামেন্টের সমস্ত আকর্ষণ যেন শুষে নিয়েছে ১০ অক্টোবরের ডার্বি।

জোহানেসবার্গের ঐতিহ্যবাহী ওয়ান্ডারার্স স্টেডিয়ামের ধারণক্ষমতা মাত্র ৩৪ হাজার। অথচ সেখানে আবেদনকারীর সংখ্যা ৮৪ লাখ ছুঁইছুঁই। অর্থাৎ প্রতিটি টিকিটের জন্য লড়ছেন গড়ে আড়াইশোর বেশি অনুরাগী! ব্যালটের মাধ্যমে টিকিট বণ্টনের সময়সীমা আগামী ২১ নভেম্বর পর্যন্ত খোলা থাকবে। 

ভক্তরা আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে পারছেন। ফলে আগামী দিনগুলিতে টিকিটের আবেদনের এই সংখ্যা আরও বাড়বে বলেই ধারণা আন্তর্জাতিক ক্রিকেট মহলের।

ওয়ান ডে বিশ্বকাপে ৮-০ রেকর্ডের সামনে পাকিস্তানের মনস্তাত্ত্বিক চাপ

বিশ্বকাপের মঞ্চে ভারত ও পাকিস্তানের এই দ্বৈরথ ঘিরে ঐতিহাসিক পরিসংখ্যানও রোহিত-কোহলিদের ভারতীয় দলকেই বহুগুণ এগিয়ে রাখছে। ১৯৯২ সালে সিডনিতে ওয়ান ডে বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হওয়ার পর থেকে এ পর্যন্ত দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোট আটবার একে অপরের মুখোমুখি হয়েছে। আর আটটি ম্যাচেই জয়ের শেষ হাসি হেসেছে ভারত।

ওয়ান ডে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ৮-০ জয়ের সেই অভেদ্য দুর্গ ভেঙে নিজেদের জয়ের খাতা খোলার এক বিশাল মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ থাকবে বাবর আজমদের দলের সামনে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার গতিময় উইকেটে ভারতীয় দল নিজেদের অপ্রতিহত জয়ের ধারা ধরে রেখে ৯-০ করতে মরিয়া থাকবে। আফ্রিকান সাফারিতে ব্যাট-বলের এই মেগা শোট ডাউন দেখার জন্য বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের উন্মাদনা এখন থেকেই তুঙ্গে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *