•
Home কলকাতা কালীপুজোর সকালেই চমক! হু হু করে নামল পারদ, শীতের আমেজে বঙ্গে শুরু উৎসবের আনন্দ
কলকাতাপশ্চিমবঙ্গ

কালীপুজোর সকালেই চমক! হু হু করে নামল পারদ, শীতের আমেজে বঙ্গে শুরু উৎসবের আনন্দ

Share
শীতের আমেজে বঙ্গে শুরু। ফাইল ছবি
Share

কলকাতা: দুর্গাপুজো ও লক্ষ্মীপুজোয় বৃষ্টির সামান্য কাঁটা থাকলেও কালীপুজোর সকালেই সেই মেঘ কাটিয়ে রোদ ঝলমলে আকাশ দেখল রাজ্যবাসী। আর ছুটির এই দিনে আবহাওয়া বদলের সঙ্গে সঙ্গেই নেমে এল স্বস্তির ঠান্ডা আমেজ। রবিবার সকালে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় নেমে ২১.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। শুধু রাজধানীই নয়, পশ্চিমের জেলাগুলিতে পারদ আরও দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে ১৭ থেকে ১৮ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। কার্তিকের শুরুতেই এই হালকা শীতে জাঁকিয়ে উৎসবের মেজাজ উপভোগ করছেন সাধারণ মানুষ।

তবে এই খুশির মাঝেই বড়সড় আবহাওয়ার পটপরিবর্তনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। সোমবার থেকেই রাজ্যের আকাশে মেঘের সঞ্চার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কলকাতা ছাড়াও হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদীয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলবর্তী এলাকায় বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। শুধু সোমবার নয়, মঙ্গলবার এবং বুধবারও রাজ্যজুড়ে এই বৃষ্টির আবহ বজায় থাকতে পারে। তবে বৃহস্পতিবার থেকে ফের আবহাওয়া বদলাবে এবং কমবে বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন:এসআইআর বিক্ষোভের পালটা! ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’ নীতিতেই অনড় গেরুয়া শিবির

অন্যদিকে, পিছিয়ে নেই উত্তরবঙ্গও। সেখানেও আগামী সপ্তাহ থেকে আবহাওয়ায় বড়সড় পরিবর্তন দেখা যাবে। সোমবার মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। তবে দার্জিলিংয়ের মতো উপরের দিকের পার্বত্য জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে। বুধবারও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উৎসবের মরসুমে এই হঠাৎ বৃষ্টিতে তাপমাত্রার পারদ কিছুটা ওঠানামা করলেও, কার্তিকের এই মনোরম আমেজ শীতের আগমনী বার্তাই দিচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *