•
Home Top-News “আমি আর পেরে উঠছি না”! নাগেরবাজারের হস্টেল থেকে উদ্ধার তরুণ চিকিৎসকের দেহ
Top-Newsকলকাতা

“আমি আর পেরে উঠছি না”! নাগেরবাজারের হস্টেল থেকে উদ্ধার তরুণ চিকিৎসকের দেহ

Share
প্রতীকি ছবি।
Share

নাগেরবাজার: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভয়াবহ স্মৃতি এখনও টাটকা। তার মাঝেই ফের এক তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়াল তিলোত্তমায়। নাগেরবাজার এলাকার একটি হস্টেলের ঘর থেকে নীলরতন সরকার (এনআরএস) মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক তরুণ চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। 

মৃত চিকিৎসকের নাম অভিজিৎ সরকার (বয়স ২৮ থেকে ৩০ বছর)। রবিবার সন্ধ্যায় হস্টেলের ঘর থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। প্রাথমিক ভাবে একে আত্মহত্যার ঘটনা বলে অনুমান করা হলেও, পরিবারের জোরালো অভিযোগ এবং একাধিক চাঞ্চল্যকর তথ্যের জেরে গোটা ঘটনাটি ঘিরে তীব্র রহস্য দানা বেঁধেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃত অভিজিৎ সরকারের বাড়ি নদিয়ার মাঝেরগ্রামের সাপজলার বাসিন্দা। ২০১৮ সালে কলকাতার ঐতিহ্যবাহী এনআরএস মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করার পর, বর্তমানে তিনি ওই হাসপাতালেই হাউসস্টাফ হিসেবে কর্মরত ছিলেন। পেশাগত দায়িত্ব পালনের সুবাদে তিনি নাগেরবাজার এলাকার একটি হস্টেলে ভাড়ায় বা আবাসিক হিসেবে থাকতেন।

পরিবারের সদস্যদের দাবি, গত রবিবার বিকেল চারটে নাগাদ হস্টেলের পক্ষ থেকে ফোন করে তাঁদের জানানো হয় যে অভিজিৎ আত্মহত্যা করেছেন এবং তাঁর ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এই খবর পাওয়া মাত্রই পরিবারে নেমে আসে শোকের ছায়া। 

আরও পড়ুন : গড়িয়ায় লিভ-ইন সঙ্গীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা! গ্রেফতার প্রেমিকা ও তাঁর মা, নেপথ্যে মারাত্মক রহস্য?

তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় বা আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরজি কর মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট করতে এখন ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের দিকেই তাকিয়ে রয়েছেন তদন্তকারীরা।

তবে এই মৃত্যুকে সহজে মেনে নিতে নারাজ মৃতের পরিবার। পরিবারের স্পষ্ট দাবি, অভিজিৎ আত্মহত্যা করার মতো ছেলে নন, তাঁকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। এই মর্মে খুনের অভিযোগ দায়ের করতে ইতিমধ্যেই নাগেরবাজার থানায় পৌঁছেছেন পরিবারের সদস্যেরা। 

পরিজনদের আরও দাবি, গত কয়েক দিন ধরেই সমাজমাধ্যমে (সোশ্যাল মিডিয়া) বেশ কিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট করছিলেন অভিজিৎ। মৃত্যুর আগে নিজের হোয়াট্‌সঅ্যাপ স্টেটাসে তিনি লিখেছিলেন, “আমি আর পেরে উঠছি না।” ওই সমস্ত পোস্ট ও হোয়াট্‌সঅ্যাপ স্ট্যাটাস খতিয়ে দেখে পরিবারের অনুমান, কোনও গভীর কারণে চরম নিরাপত্তাহীনতা ও মানসিক আতঙ্কে ভুগছিলেন ওই তরুণ চিকিৎসক। তবে ঠিক কী কারণে বা কার বা কাদের ভয়ে তিনি এমন চরম আতঙ্কে ছিলেন, সে বিষয়ে পরিবারের কাছেও স্পষ্ট বা নিশ্চিত কোনও তথ্য নেই।

ঘটনার তদন্তে নেমে একাধিক চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে পুলিশ। হস্টেলের সিসিটিভি ফুটেজ ও মৃত চিকিৎসকের মোবাইল ফোনটি বাজোপ্ত করে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, হস্টেলের অন্যান্য আবাসিকদেরও দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ঘটনার দিন হস্টেলের ভিতর থেকে হঠাৎই ‘বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার শোনা গিয়েছিল বলে দাবি করেছেন কয়েক জন আবাসিক। এই চাঞ্চল্যকর দাবি সামনে আসতেই তদন্তের মোড় ঘুরে গেছে। চিৎকার শোনার পর তাৎক্ষণিকভাবে হস্টেলের অন্য আবাসিক বা কর্তৃপক্ষ কী পদক্ষেপ করেছিলেন, আদৌ কেউ সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন কি না, তা অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এটি নেহাতই আত্মহত্যা, নাকি এর নেপথ্যে অন্য কোনও গভীর রহস্য বা অপরাধমূলক যোগ রয়েছে, তা উদ্ঘাটনে সব দিক খতিয়ে দেখছে নাগেরবাজার থানার পুলিশ। তরুণ চিকিৎসকের এমন আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে গোটা চিকিৎসা মহলে ও এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *