•
Home Top-News বেলাগাম শব্দে দূষণ বাড়ল শহরে, আবার বৃষ্টি আসছে!
Top-Newsকলকাতাপশ্চিমবঙ্গ

বেলাগাম শব্দে দূষণ বাড়ল শহরে, আবার বৃষ্টি আসছে!

Share
মেয়ের সঙ্গে বাজি ফাটাচ্ছেন সুকান্ত মজুমদার। নিজস্ব ছবি
Share

কলকাতা: নজরকাড়া আলোর রোশনাই আর উৎসবের আনন্দ কাটতে না কাটতেই যথেচ্ছ শব্দ ও আলোকবাজির বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ল তিলোত্তমা কলকাতা। আদালতের নির্দেশ ও প্রশাসনের কড়া বিধিনিষেধকে সম্পূর্ণ বুড়ো আঙুল দেখিয়ে কালীপুজোর রাতে দেদার বাজি ফাটানোর খেসারত দিতে হল সাধারণ মানুষকে। 

যার জেরে হু হু করে বেড়ে গেল শহরের বায়ুদূষণের মাত্রা। এক ধাক্কায় কলকাতার এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই (AQI) পৌঁছে গেল বিপজ্জনক স্তরে। কোথাও কোথাও তা পাঁচশো থেকে ছ’শোগাছাড়াল। উৎসবের এই বিষাক্ত ধোঁয়াশার রেশ কাটতে না কাটতেই আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে স্পষ্ট হয়ে গেল যে, রাজ্যের আবহাওয়াতেও এবার বড়সড় বদল আসছে। 

ভাইফোঁটার ঠিক প্রাক্কালে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ফলে উৎসবের মরসুমে বিষাক্ত বায়ুদূষণের পর এবার বৃষ্টির ভ্রুকুটিতে ফের কপালে চিন্তার ভাঁজ সাধারণ মানুষের।

প্রশাসনের পক্ষ থেকে বায়ুদূষণ নিয়ন্ত্রণে রাখতে কালীপুজোয় বাজি ফাটানোর ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। নিষিদ্ধ করা হয়েছিল তীব্র শব্দবাজি। কিন্তু কালীপুজোর রাতে সেই সমস্ত নির্দেশিকাকে তুড়ি মেরে উড়িয়ে শহরের আকাশ জুড়ে শুরু হয় বাজির রমরমা প্রদর্শন। যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে কলকাতার বাতাসে। 

পরিসংখ্যান বলছে, গত বৃহস্পতিবার অর্থাৎ পুজোর ঠিক আগে কলকাতার বায়ুর গুণমান সূচক বা একিউআই ছিল মাত্র ৭০ থেকে ৮০-র মধ্যে, যা সন্তোষজনক বলেই ধরা হয়। কিন্তু রবিবার সন্ধ্যা ছ’টার মধ্যেই তা একলাফে ২০০-তে পৌঁছয়। এরপর রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করে। রাত একটা নাগাদ কলকাতার সামগ্রিক একিউআই পৌঁছে যায় প্রায় ৫০০-র কাছাকাছি, যা অত্যন্ত বিপজ্জনক শ্রেণির অন্তর্ভুক্ত।

পরিবেশ বিজ্ঞানীদের রাতের বেলার রিপোর্ট অনুযায়ী, কালীপুজোর রাতে কলকাতার বাতাসে অতিক্ষুদ্র ধূলিকণা বা পিএম ২.৫-এর পরিমাণ ছিল প্রতি ঘনমিটারে ২৯৩ মাইক্রোগ্রাম। পাশাপাশি পিএম ১০-এর মাত্রা পৌঁছে গিয়েছিল প্রতি ঘনমিটারে ৩৫৪ মাইক্রোগ্রামে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ঘন ধোঁয়াশা ও কুয়াশার চাদরে ঢেকে যায় গোটা মহানগরী। 

বিশেষ করে উত্তর কলকাতার পরিস্থিতি ছিল সবচেয়ে বেশি উদ্বেগজনক। রাত দুটোর রিপোর্ট অনুযায়ী, কাঁকুড়গাছিতে একিউআই রেকর্ড করা হয় ৬১০-এ! যা শহরের মধ্যে সর্বোচ্চ। এছাড়া মানিকতলায় ৫৩৮, বেনিয়াপুকুরে ৫২৮, তালতলায় ৪৬৯, কাশীপুরে ৪৯০, লেবুতলায় ৪৯১, দক্ষিণ সিঁথিতে ৪১৯ এবং পাইকপাড়ায় ৩৫৯-এ গিয়ে ঠেকেছিল বায়ুদূষণের সূচক। 

বাদ পড়েনি সচ্ছল বা অভিজাত এলাকাও। বিধাননগর পৌরসভা এলাকায় একিউআই পৌঁছয় ৪৯০-এ। মধ্য কলকাতার ফোর্ট উইলিয়াম, এলগিন রোড, হেস্টিংস এবং ময়দান চত্বরে একিউআই ঘোরাফেরা করেছে সাড়ে চারশো থেকে পাঁচশোর মধ্যে। দক্ষিণ কলকাতার বাতাসও সমান ভাবে বিষাক্ত হয়ে উঠেছিল। বালিগঞ্জে ৪৭৪, লেক টেরাসে ৪৪৬, ভবানীপুরে ৪৩২, চেতলায় ৪২৫, ঢাকুরিয়ায় ৩৯৭ এবং সাউথ সিটি চত্বরে একিউআই রেকর্ড হয় ৩৬২। তবে মারাত্মক দূষণের এই ছবি সামনে এলেও, দেশের সবচেয়ে দূষিত ১০টি শহরের তালিকায় কলকাতার নাম না থাকাটা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবেশপ্রেমী মহল।

দূষণের এই বিষবাষ্পের মাঝেই আবার আবহাওয়ার খামখেয়ালি পনায় ভ্রুকুটি বাড়িয়েছে নতুন করে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কালীপুজোর মনোরম আবহাওয়া কেটে গেলেও সোমবার থেকেই রাজ্যের একাধিক জেলায় আবহাওয়ার বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। 

আগামী তিন দিন ধরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়াতেও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ এক-দু’পশলা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মঙ্গলবার ও বুধবার বৃষ্টির পরিসর আরও বাড়বে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিশেষ করে বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। 

এই জেলাগুলিতে বজ্রপাতের পাশাপাশি কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতেও পারে। তবে আপাতত কোথাও ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। বুধবারের পর থেকে আবহাওয়া ফের শুষ্ক হতে পারে বলে মনে করা হচ্ছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়ার পটপরিবর্তন ঘটতে চলেছে। সোমবার থেকেই মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির স্পেল শুরু হতে পারে। এরপর মঙ্গলবার ও বুধবার নাগাদ দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির মতো পাহাড়ি ও সংলগ্ন জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে বজ্রপাতের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। 

তবে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই। আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টির জেরে ভ্যাপসা গরম কিছুটা কমলেও ভাইফোঁটার উৎসবে জল পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ছুটির দিনে ঘরোয়া বা বাইরে ঘোরার পরিকল্পনায় ছাতা যে অবশ্যসঙ্গী হতে চলেছে, তা বলাই বাহুল্য। সব মিলিয়ে, বাজি ফাটানোর জেরে বিষাক্ত দূষণের ধোঁয়া এবং তার ওপর বৃষ্টির ভ্রুকুটি দুই মিলিয়ে চলতি উৎসবের মরসুম বেশ কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করাল রাজ্যবাসীকে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *