•
Home Top-News ৭০০ ভরি সোনার গয়না! রাজনীতির মেঘ কেটে ফের ঝলমলে কেষ্টর কালীপুজো
Top-Newsপশ্চিমবঙ্গ

৭০০ ভরি সোনার গয়না! রাজনীতির মেঘ কেটে ফের ঝলমলে কেষ্টর কালীপুজো

Share
৭০০ ভরি সোনায় কেষ্টর কালী। নিজস্ব ছবি
Share

সিউড়ি: রাজ্যের রাজনীতিতে গত কয়েক বছরে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। 

শিবিরের পরিবর্তন ঘটেছে, ওলটপালট হয়ে গিয়েছে ক্ষমতার অনেক সমীকরণও। কিন্তু বীরভূমের বোলপুরে তৃণমূল জেলা কার্যালয়ের ঐতিহ্যবাহী কালীপুজোর চেনা আড়ম্বর বা আভিজাত্যে বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। 

রাজনীতির অলিন্দে যত ঝড়ই আসুক না কেন, প্রথা ও নিয়ম মেনে এ বছরও প্রায় ৭০০ ভরি সোনার অলঙ্কারে সাজিয়ে তোলা হয়েছে মা কালীকে। বর্তমান বাজার দর অনুযায়ী যার আনুমানিক মূল্য কম করে হলেও প্রায় সাড়ে ১১ কোটি টাকা! 

কেষ্ট-হীন বীরভূমে ক্ষমতার ভরকেন্দ্র নিয়ে নানা প্রশ্ন উঠলেও, দলীয় কার্যালয়ের অলঙ্কারে মোড়া প্রতিমার সেই রাজকীয় দৃশ্য ফের এক বার প্রমাণ করে দিল রাজনীতি বদলালেও বোলপুরের তৃণমূল কার্যালয়ের কালীপুজোর জৌলুস আজও একই রকম অটুট।

এই পুজোর ইতিহাস ও স্মৃতিচারণ করতে গিয়ে আবেগঘন শোনালো অনুব্রত মণ্ডলের গলা। তাঁর স্পষ্ট বার্তা, ‘‘তিহার জেল থেকে ফিরে আসার পরও এসে দেখলাম মায়ের গায়ের গয়না ঠিক আগের মতোই অটুট রয়েছে। বিন্দুমাত্র হেরফের হয়নি।’’ 

তৃণমূলের হেভিওয়েট এই নেতার স্মৃতিচারণ থেকে জানা যায়, প্রায় ৬০ বছর ধরে চলে আসছে এই পুজোর পরম্পরা। মাত্র ১০ বছর বয়সে পাড়ার কয়েক জন সঙ্গীকে নিয়ে তিনি প্রথম এই পুজোর সূচনা করেছিলেন। পরবর্তীতে অনুব্রতর হাত ধরেই সেই পুজো স্থান পায় বোলপুরের তৃণমূল কার্যালয়ে। 

সময় গড়িয়েছে, কিন্তু প্রতিমার প্রতি অনুরাগ আর জৌলুস কমেনি এক চুলও। অনুব্রত আরও জানান, ব্যাঙ্ক অ্যাকাউন্টেও মায়ের নামে বাড়তি সোনার গয়না গচ্ছিত রাখা রয়েছে। উৎসবের দিনগুলিতে প্রতি বছরের মতোই এলাহি ভোগের আয়োজন করা হয়েছে। দলীয় কর্মী-সমর্থক ও স্থানীয় অনুগামীদের সাধ্যমতো সহযোগিতায় খিচুড়ি, পাঁঠার মাংস, নয় রকমের ভাজা, পায়েস ও চাটনি সহকারে প্রসাদ বিতরণের বিশাল ব্যবস্থা রাখা হয়েছে কার্যালয়ে।

তবে বোলপুরের রাজনৈতিক মানচিত্রে এ বার বৈচিত্র্যের সুরও স্পষ্ট ধরা পড়েছে। জেলা তৃণমূল কার্যালয়ের পুজোয় যখন পুরনো প্রতাপের ছোঁয়া, ঠিক তখনই বোলপুরের অন্যতম পরিচিত ‘বাড়িপুকুর সম্মিলনী’-র কালীপুজোয় দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। 

এক সময় অনুব্রত মণ্ডলের সক্রিয় হাত ধরেই এই বাড়িপুকুর সম্মিলনীর পুজোর সূচনা হয়েছিল এবং তাঁর দাপটেই পুজোটি বীরভূমে বড় মাপের স্বীকৃতি পেয়েছিল। কিন্তু সময়ের চাকা ঘুরতেই এ বছর চিত্রনাট্য বদলে গিয়েছে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এ বার সেই পুজোর উদ্বোধনী মঞ্চে আর ডাক পাননি ‘কেষ্ট’।

সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, এক সময়ের অনুব্রত-ঘনিষ্ঠ বলে পরিচিত সেই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন এ বার করলেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামাপদ মণ্ডল। বিরোধী শিবিরের নেতার হাত দিয়ে পুজো উদ্বোধন হওয়াকে কেন্দ্র করে রাজনীতির অলিন্দে জোর চর্চা শুরু হলেও শ্যামাপদবাবু বিষয়টিকে রাজনীতির বাইরেই রাখতে চেয়েছেন। 

উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে শ্যামাপদ মণ্ডল বলেন, ‘‘পুজো সবার জন্য। এতে কোনও রাজনীতির স্থান থাকা উচিত নয়। প্রবহমান জগতে তিনি যখন নিজের স্বমহিমায় ছিলেন, তখন তিনি নিষ্ঠার সঙ্গে পুজো করেছেন। তিনি যদি পুজো দেখতে চান, তবে অবশ্যই আসতে পারেন। এতে কারও বারণ থাকতে পারে না।’’

বীরভূমে ক্ষমতা ও অনুগামীদের সমীকরণ বিগত দিনে যাই হোক না কেন, উৎসবের আবহ ও আলোয় সেই সব বিতর্ককে আপাতত আড়ালেই রাখতে চাইছে জেলা। তৃণমূল পার্টি অফিসের সাড়ে ১১ কোটির গয়নায় মোড়া কালীপ্রতিমা দেখতে স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষের উপচে পড়া ভিড় সামলাতে হচ্ছে পুলিশ ও আয়োজকদের। 

সব মিলিয়ে, ক্ষমতা হস্তান্তরের তোলপাড় বা শীর্ষ নেতাদের রাজনৈতিক জীবনের ওঠাপড়ার পরেও বীরভূমের বোলপুরে তৃণমূল কার্যালয়ের কালীপুজো ঘিরে যে রোমাঞ্চ ও রাজকীয় জৌলুস ছিল, তা বজায় রইল আগের মতোই।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *