•
Home Top-News সাজানো হয়েছিল টাকা! ডায়মন্ড হারবারের ঘটনায় অভিযোগ সুমিতের স্ত্রীর, শুভেন্দু সরকারের বিরুদ্ধে সিবিআই দাবি
Top-Newsকলকাতা

সাজানো হয়েছিল টাকা! ডায়মন্ড হারবারের ঘটনায় অভিযোগ সুমিতের স্ত্রীর, শুভেন্দু সরকারের বিরুদ্ধে সিবিআই দাবি

Share
সুমিত রায়। ফাইল ছবি
Share

কলকাতা: ডায়মন্ড হারবারে তৃণমূলের পার্টি অফিস থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র শোরগোল। এর মাঝেই চাঞ্চল্যকর মোড় নিয়ে মামলা গড়িয়েছে আদালতে। 

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং পুলিশি জেরার মুখে তাঁর ওপর চলা শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সুমিতের স্ত্রী সুস্মিতা রায়। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের এজলাসে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার, যখন ডায়মন্ড হারবারের একটি তৃণমূল পার্টি অফিস থেকে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। তদন্তকারী অফিসারদের দাবি ছিল, আটক বা গ্রেফতার হওয়া সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করার ফলেই ওই টাকার হদিশ মেলে। 

যদিও পুলিশের এই তত্ত্ব ও দাবি প্রথম থেকেই সম্পূর্ণ খারিজ করে দিয়েছিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর মারাত্মক অভিযোগ ছিল, পুলিশ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিতভাবে এই সাজানো ঘটনা তৈরি করেছে। 

এমনকি, তাঁর আপ্তসহায়ককে এনকাউন্টারের মাধ্যমে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে সরব হয়েছিলেন অভিষেক। এবার সেই একই অভিযোগের সুর চড়িয়ে এবং স্বামীর ব্যক্তিগত নিরাপত্তা ও জীবন রক্ষার্থে আইনি লড়াইয়ে নামলেন সুমিতের স্ত্রী সুস্মিতা রায়।

আরও পড়ুন : ৫০ লাখ টাকার তোলাবাজি কাণ্ডে নতুন মোড়! সুমিত রায়ের পাশাপাশি এবার জালে আইপ্যাক কর্তার প্রাক্তন আপ্তসহায়ক?

হাই কোর্টে দায়ের করা আবেদনে সুস্মিতা স্পষ্ট জানিয়েছেন, ডায়মন্ড হারবারের দলীয় কার্যালয় থেকে যে টাকা উদ্ধারের দাবি করা হচ্ছে, তার সঙ্গে তাঁর স্বামীর দূরতম কোনও সম্পর্ক নেই। সুমিতকে সম্পূর্ণ বেআইনিভাবে ফাঁসানোর উদ্দেশ্যেই এই টাকা উদ্ধারের কাল্পনিক ঘটনা সাজানো হয়েছে বলে তাঁর অভিযোগ। 

স্বামীর ওপর চলা পুলিশি হেফাজত ও জেরার প্রসঙ্গে সুস্মিতা দাবি করেছেন, জোর করে স্বীকারোক্তি আদায়ের জন্য সুমিত রায়ের ওপর লাগাতার শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে। মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাঁকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তুলে তিনি আদালতের কাছে স্বামীর সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানিয়েছেন।

এই পুরো ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়ে সিবিআই (CBI) তদন্তের আর্জি পেশ করেছেন সুস্মিতা রায়। পাশাপাশি, বিকল্প হিসেবে কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT) গঠন করে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দেওয়ার অনুরোধও জানানো হয়েছে। 

একই সঙ্গে এই মামলার তদন্ত প্রক্রিয়া থেকে সংশ্লিষ্ট অভিযুক্ত পুলিশ আধিকারিকদের অবিলম্বে অপসারণের দাবিও তোলা হয়েছে। আদালত আগেই এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছিল।

উল্লেখ্য, শালবনির একটি বিতর্কিত জমি দুর্নীতি মামলায় পুলিশ এর আগে সুমিত রায়কে গ্রেপ্তার করেছিল। সেই মামলায় কলকাতা হাই কোর্টে তাঁর আগাম জামিনের আবেদন খারিজ হয়ে গেলে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। কিন্তু সুপ্রিম কোর্টেও তাঁর স্বস্তি মেলেনি, শীর্ষ আদালতও তাঁর আবেদন খারিজ করে দেয়। এর পরই পুলিশ তাঁকে গ্রেফতার করে। 

বর্তমান সময়ে তিনি জেল হেফাজতে রয়েছেন। গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে এবং জামিনের আশায় তিনি পুনরায় হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চে যান। তবে আদালত সাফ জানিয়ে দেয়, এই মুহূর্তে জামিন দিলে তা রাজনৈতিকভাবে তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। আদালত জানায়, পুজোর ছুটির পর আগামী ১৬ নভেম্বর নিয়মিত বেঞ্চে এই মামলার শুনানি হবে। 

ফলে আপাতত জেলেই দিন কাটছে তাঁর। ঠিক এই জটিল পরিস্থিতিতেই স্বামীর ওপর পুলিশি হেনস্থা ও সাজানো মামলার অভিযোগ তুলে আইনি পথে লড়াইয়ের ঝাণ্ডা ধরেছেন সুস্মিতা রায়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *