•
Home বিশ্ব দিল্লি থেকে সরাসরি ট্রাইব্যুনালে সারেন্ডার? নতুন চালে ভারত ছাড়ার তোড়জোড় মুজিবকন্যার!
বিশ্ব

দিল্লি থেকে সরাসরি ট্রাইব্যুনালে সারেন্ডার? নতুন চালে ভারত ছাড়ার তোড়জোড় মুজিবকন্যার!

Share
হিডেন স্টোরিজ নিউজ
শেখ হাসিনা। ফাইল ছবি
Share

কলকাতা: মাতৃভূমিতে কি তবে দ্রুতই নামছে শেখ হাসিনার চরণ স্পর্শ? ডিসেম্বরেই কি নাটকীয় মোড় নিতে চলেছে পদ্মাপাড়ের রাজনীতির অলিন্দে? গত ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার উত্তাল আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে রাজনৈতিক আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। প্রায় দু’বছরেরও বেশি সময় ধরে দিল্লিতে থাকার পর এবার স্বদেশে প্রত্যাবর্তনের পথ নিজেই পরিষ্কার করতে শুরু করলেন মুজিবকন্যা। খবর প্রকাশ্যে আসতেই ওপার বাংলায় শুরু হয়েছে জোর তোলপাড়।

সংবাদসংস্থা রয়টার্স সূত্রের খবর, দিল্লিতে থাকা বাংলাদেশি হাইকমিশনার প্রীতি রহমানের কাছে ইতিমধ্যেই নতুন পাসপোর্ট এবং ন্যাশনাল আইডেনটিটি কার্ডের (NID) জন্য লিখিত আবেদন জানিয়েছেন শেখ হাসিনার আইনজীবীরা। উল্লেখ্য, শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর তদানীন্তন অন্তর্বর্তী সরকার তাঁর পাসপোর্ট ও পরিচয়পত্র বাতিল করেছিল। এবার নিজের দেশের নাগরিকত্বের অধিকার ফিরিয়ে এনে আইনত ও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ফেরার প্রক্রিয়া ত্বরান্বিত করতে চাইছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: আদালতে সাংবাদিক হেনস্তার অভিযোগ!

রাজনৈতিক বিশেষজ্ঞ ও কূটনৈতিক মহল মনে করছে, এটি হাসিনার একটি অত্যন্ত সুচিন্তিত আইনি ও রাজনৈতিক চাল। অন্তর্বর্তী আমলেই ঢাকার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয় এবং ২০২৫ সালে একটি মামলায় তাঁকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়। সম্প্রতি তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতা দখলের পর থেকে নয়াদিল্লির ওপর চাপ সৃষ্টি করছিল যেন প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে হাসিনাকে ঢাকার হাতে তুলে দেওয়া হয়। কিন্তু হাসিনা শুরু থেকেই এই পুরো বিচার প্রক্রিয়াকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উড়িয়ে দিয়েছেন।

সূত্রের খবর, শেখ হাসিনা কোনো দেশের মাধ্যমে হস্তান্তরিত হয়ে নয়, বরং একজন স্বাধীন নাগরিক হিসেবে স্বদেশে ফিরে সরাসরি আদালতের মুখোমুখি হতে চান। তাঁর ইচ্ছাসূচক পরিকল্পনা হলো, ডিসেম্বরেই দেশে ফিরে বাংলাদেশ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করবেন তিনি। তবে গোটা বিষয়টি এখন ঝুলছে নতুন পাসপোর্ট ও পরিচয়পত্র হাতে পাওয়ার সময়ের ওপরে। যদিও এই আবেদনের প্রসঙ্গে ঢাকা কিংবা দিল্লির তরফে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি, তবুও হাসিনার এই পদক্ষেপ পদ্মাপাড় থেকে দিল্লির রাজনীতিতে বড়সড় ঢেউ তুলেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *