কলকাতা: উৎসবে আনন্দের পাশাপাশি আইন ও আইনশৃঙ্খলা রক্ষা নিশ্চিত করতে কালীপুজোর রাতে শহরজুড়ে ব্যাপক অভিযানে নামল কলকাতা পুলিশ। পরিবেশ সুরক্ষা এবং বায়ুদূষণ ঠেকাতে বাজি ফাটানোর ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার পাশাপাশি শব্দবাজি পুরোপুরি নিষিদ্ধ করেছিল আদালত ও প্রশাসন।
সরকারি নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছিল, কেবল রাত ৮টা থেকে ১০টার মধ্যেই বাজি ফাটানো যাবে। তবে সেই নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই কলকাতার একাধিক এলাকায় রাতভর চলে বাজি ও শব্দবাজির দাপট।
কিন্তু এই অনিয়ম রদে নিষ্ক্রিয় ছিল না লালবাজার। শহরজুড়ে ট্রাফিক আইন ভঙ্গ, নিষিদ্ধ বাজি ফাটানো এবং অনভিপ্রেত গণ্ডগোল রুখতে কড়া হাতে অভিযান চালায় পুলিশবাহিনী। পুজো উপলক্ষে লালবাজারের বিশেষ অভিযানে নিষিদ্ধ বাজি ফাটানো এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৫৯২ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, নিষিদ্ধ বাজি ফাটানো ও প্রশাসনের জারি করা সময়সীমা অমান্য করার অপরাধে শহরজুড়ে গ্রেফতার করা হয়েছে মোট ২০৫ জনকে। পাশাপাশি, বিভিন্ন মণ্ডপ ও প্রকাশ্য স্থানে মদ্যপ অবস্থায় তাণ্ডবদায়ে গ্রেফতার হয়েছেন মোট ৩৮৭ জন।
অনভিপ্রেত ঘটনা রুখতে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করেছে মোট ২৩৮.৬ কিলোগ্রাম নিষিদ্ধ শব্দবাজি এবং ৬ লিটার বেআইনি মদ। একই সঙ্গে কালীপুজোর রাতে শহরের রাজপথের নিরাপত্তা সুনিশ্চিত রাখতে কড়া নজর রেখেছিল ট্রাফিক পুলিশ।
হেলমেট ছাড়া বাইক চালানো, বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে মোট ৫৯৩টি মামলা রুজু করার পাশাপাশি সংশ্লিষ্ট চালকদের গ্রেফতার করা হয়েছে।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজোর সময় চোরবাগানের ঘটনার শিক্ষা নিয়ে কালীপুজোর মণ্ডপ এবং স্পর্শকাতর এলাকাগুলির নিরাপত্তা ব্যবস্থা আগে থেকেই নিশ্ছিদ্র করা হয়েছিল। উৎসবের রাতে যে কোনও পরিস্থিতি দ্রুত সামাল দিতে কলকাতার প্রতিটি থানাকে বিশেষ নির্দেশিকা পাঠিয়ে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছিল।
লালবাজার সদর কার্যালয় থেকে সব থানার অফিসার ইনচার্জ এবং অতিরিক্ত অফিসার ইনচার্জদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়, যেন পর্যাপ্ত পুলিশ বাহিনী থানাতেই উপস্থিত থাকে। যে কোনও অঘটন বা অশান্তির খবর পাওয়া মাত্রই পুলিশকে অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছতে বলা হয়।
নিরাপত্তা ব্যবস্থাকে আরও গতিশীল ও জোরালো করতে এ বছর বিশেষ বাইক বাহিনী নামানো হয়েছিল রাস্তায়। লালবাজারের নির্দেশ ছিল, শহরের কোথাও কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বিশৃঙ্খলার খবর মিললে আর পাঁচ মিনিট নয়, মাত্র দুই মিনিটের মধ্যে আধুনিক ও দ্রুতগতির বাইকে সওয়ার হয়ে ঘটনাস্থলে পৌঁছাবে পুলিশ।
পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা থাকলে কালবিলম্ব না করে আগাম অতিরিক্ত বাহিনী মোতায়েন করে এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার নির্দেশ কার্যকর করা হয়েছে।
কলকাতা পুলিশের প্রতিটি বিভাগে নিরাপত্তার তদারকিতে মূল দায়িত্ব সামলেছেন নিজ নিজ ডিভিশনাল প্রধান বা ডেপুটি কমিশনাররা (ডিসি)। লালবাজারের ছক অনুযায়ী, ডেপুটি কমিশনারদের কার্যকারিতা বাড়াতে এবং সার্বিক নজরদারি জোরদার করতে তাঁদের সঙ্গে সরাসরি রাস্তায় নেমেছেন একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার (এসি) পদমর্যাদার সিনিয়র আধিকারিকরা।
শহরের অলিগলি, জনবহুল মোড় এবং নামী পুজোর মণ্ডপগুলিতে চালানো হয়েছে লাগাতার টহলদারি। বিশেষ করে শব্দবাজির তাণ্ডব রুখতে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে কাজ করেছে পুলিশ।
কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক এই বিষয়ে জানান, বাজি পোড়ানোর নির্দেশিকা ও সময়সীমা আদালত নির্ধারিত। এই নিয়ম অমান্য করে যাঁরা বেআইনি কাজ করেছেন, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। লালবাজার এবং প্রতিটি থানার কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা নজরদারি চালিয়েছে। শহরবাসীর নিরাপত্তা বজায় রাখতে কলকাতা পুলিশ কোনও রকম আপস করবে না।’’ লালবাজারের এই কঠোর মনোভাব ও দ্রুত পদক্ষেপের ফলে একাধিক জায়গায় বড় ধরনের গোলমাল এড়ানো সম্ভব হয়েছে।
Leave a comment