কলকাতা: কালীপুজোর আগের রাতে কালীঘাটের পটুয়াপাড়ার সামনে ঠিক কী হয়েছিল, তার পুনর্নির্মাণ করতে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুলিশ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত কালীঘাট-কাণ্ডে এ বার আসরে নামল লালবাজার।
ঘটনার গুরুত্ব এবং স্পর্শকাতরতা বিবেচনা করে লালবাজারের গোয়েন্দা বিভাগের (ডিডি) হাতে পুরো তদন্তের দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। গত শুক্রবার মাঝরাতে ঘটা সংঘর্ষ, থানায় জোড়া স্বতঃপ্রণোদিত মামলা এবং পুলিশকে হেনস্থার মতো গুরুতর ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নামছেন লালবাজারের দক্ষ গোয়েন্দারা।
অন্য দিকে, ঘটনার তদন্তে গতি আনতে মঙ্গলবার সকালেই কড়া নিরাপত্তার ঘেরাটোপে তিন অভিযুক্তকে অকুস্থলে নিয়ে যায় পুলিশ। গত শুক্রবার রাতের সেই ভয়াবহ মুহূর্তের পুনর্নির্মাণ করতেই লালবাজারের ও কালীঘাট থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।
কী ভাবে দুই দলের সমর্থকদের মধ্যে বচসা ও ধস্তাধস্তি শুরু হয়েছিল, কোন পরিস্থিতিতে স্থানীয় বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল অনুগামীদের সংঘর্ষ বাঁধে এবং পুলিশ বাধা দিলে কী ভাবে আক্রান্ত হয়— তা ধৃতদের উপস্থিতিতে হুবহু মিলিয়ে দেখেন তদন্তকারীরা।
আরও পড়ুন: অর্জুনের অ্যালোপ্যাথি টোটকা! অভিষেককে নিয়ে কী বললেন দিলীপ?
শুক্রবার রাতের গোলমালের ঘটনায় মোট চারটি মামলা রুজু হয়েছিল কালীঘাট থানায়। এর মধ্যে দু’টি মামলা পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে দায়ের করেছিল। তৃতীয় মামলাটি রুজু হয় গুড়িয়া হরি নামে স্থানীয় এক মহিলার অভিযোগের ভিত্তিতে, যেখানে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ প্রায় ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে লিখিত নালিশ জানান।
পাশাপাশি, নিজের কার্যালয় ভাঙচুর ও হামলার অভিযোগ এনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ৩০-৪০ জন অজ্ঞাতপরিচয় অভিযুক্তের বিরুদ্ধে পাল্টা লিখিত এফআইআর দায়ের করেন।
ঘটনার পর দিনই তিন জন প্রধান অভিযুক্ত মহম্মদ তৌকির আলম, মহম্মদ এরশাদ এবং শ্রীদীপ দাসকে গ্রেফতার করে পুলিশ। তৃণমূলের তরফে স্বীকার করা হয়েছে, ধৃত তিন জনই তাদের দলীয় কর্মী। পুলিশের স্বতঃপ্রণোদিত মামলায় গ্রেফতার করা হয়েছে শ্রীদীপকে, আর গুড়িয়া হরির অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে অন্য দুই অভিযুক্তকে।
যদিও অভিষেকের দেওয়া পাল্টা অভিযোগের ভিত্তিতে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গত রবিবার আলিপুর আদালতে ধৃতদের তোলা হলে বিচারক তাঁদের আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
সূত্রের খবর, শুক্রবার মাঝরাতে অভিষেকের জন্মদিন উদযাপনের উদ্দেশ্যে কালীঘাটে অনুগামীদের ভিড় জমতে শুরু করেছিল। অভিযোগ, ঠিক সেই সময়েই স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে তাঁদের প্রথমে বাকবিতণ্ডা এবং পরবর্তীতে ধস্তাধস্তি শুরু হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় দেদার ইট বৃষ্টি, দলীয় কার্যালয় ভাঙচুর ও হাতাহাতি। এলাকা সামলাতে গিয়ে আক্রান্ত হতে হয় কর্তব্যরত পুলিশকর্মীদেরও।
কলকাতা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “শান্তিপ্রিয় এলাকায় এ ভাবে দফায় দফায় সংঘর্ষ, পুলিশের ওপর হামলা এবং রাজনৈতিক উত্তেজনা ছড়ানোর ঘটনা বরদাস্ত করা হবে না। ঘটনার পেছনে অন্য কারও প্ররোচনা ছিল কি না, তাও লালবাজারের গোয়েন্দারা ক্ষতিয়ে দেখছেন।”
ঘটনার পর থেকে এখনও এলাকা পুরোপুরি স্বাভাবিক হয়নি। মঙ্গলবার পুনর্নির্মাণের সময়েও কালীঘাট এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী। সিসিটিভি ফুটেজ এবং স্থানীয় বাসিন্দাদের বয়ান রেকর্ড করে ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা করার প্রস্তুতি নিচ্ছে লালবাজার।
Leave a comment