হায়দরাবাদ: লোকসভার সেমিফাইনালে বিরাট চমক এআইএমআইএম (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি এবং আজ়াদ সমাজ পার্টির (ASP) নেতা চন্দ্রশেখর আজ়াদের। উত্তরপ্রদেশের ভোটে জোট ঘোষণা করলেন দুই নেতা। রাজনৈতিক মহলের মতে, মুসলিম-দলিত জোটে বদলাতে পারে যোগী রাজ্য়ের ভোটের রাজনৈতিক সমীকরণ।
বৃহস্পতিবার লখনউয়ে এক যৌথ সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিক ভাবে এই জোটের কথা ঘোষণা করেন হায়দরাবাদের সাংসদ ওয়েইসি। একই সঙ্গে নগিনার সাংসদ চন্দ্রশেখর আজ়াদকে আসন্ন বিধানসভা নির্বাচনে জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবেও ঘোষণা করা হয়েছে।
রাজ্যের প্রায় ২১ শতাংশ দলিত এবং ২০ শতাংশ মুসলিম ভোটব্যাঙ্ককে এক ছাতার তলায় এনে বিজেপি এবং সমাজবাদী পার্টি-কংগ্রেস জোটের বিরুদ্ধে একটি শক্তিশালী ‘তৃতীয় শক্তি’ গড়ে তোলাই এই নয়া মঞ্চের মূল লক্ষ্য বলে রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ।
এ দিনের সাংবাদিক বৈঠকে ওয়েইসিকে পাশে নিয়ে জোটের প্রাথমিক নির্বাচনী ইস্তাহার বা অ্যাজেন্ডা তুলে ধরেন চন্দ্রশেখর আজ়াদ। তিনি জানান, স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থানই হবে তাঁদের জোটের প্রধান হাতিয়ার। ক্ষমতায় এলে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, উন্নত মানের হাসপাতাল এবং যুবসমাজের জন্য কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন আজ়াদ।
ওয়েইসি জানান, গত কয়েক মাস ধরেই তিনি বিরোধী জোটে জায়গা পাওয়ার চেষ্টা করেছিলেন, এমনকী সমাজবাদী পার্টি (সপা) এবং কংগ্রেসকে সময়সীমাও বেঁধে দিয়েছিলেন। কিন্তু অখিলেশ যাদবের দল ও কংগ্রেস তাঁর প্রস্তাবে কোনও সাড়া না দেওয়ায় শেষ পর্যন্ত চন্দ্রশেখরের সঙ্গে হাত মিলিয়ে স্বতন্ত্র ভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
যদিও ওয়েইসি-আজ়াদ জোটকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ রাজ্যের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি ও কংগ্রেস। অযোধ্যার সপা সাংসদ অবধেশ প্রসাদ এই জোটের রাজনৈতিক তাৎপর্য উড়িয়ে দিয়ে বলেন, ‘‘এই জোটের কোনও বাস্তব গুরুত্ব নেই। উত্তরপ্রদেশের মানুষ বিজেপি সরকারের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন। ২০২৭ সালে বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর ক্ষমতা একমাত্র অখিলেশ যাদবেরই রয়েছে। গণতন্ত্রে যে কেউ আলাদা ভাবে লড়তে বা জোট গড়তে পারেন।’’
একই সুর শোনা গিয়েছে কংগ্রেস সাংসদ ইমরান মাসুদের গলাতেও। তাঁর বক্তব্য, ‘‘গণতন্ত্রে জোট গড়ার অধিকার সবার আছে। ওঁরা যা খুশি করতে পারেন, আমরা নিজেদের পথ নিজেরাই বেছে নেব। রাজনীতিতে এই মুহূর্তে এই সব বিষয়ের তেমন কোনও প্রভাব নেই। সব দিক খতিয়ে দেখেই আমরা পদক্ষেপ করছি।’’ অন্য দিকে, শাসকদল বিজেপির দাবি, এই জোটের কোনও সুনির্দিষ্ট দিশা বা অ্যাজেন্ডা নেই এবং নির্বাচনের ময়দানে এর ফায়দা সরাসরি বিজেপির ঘরেই আসবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সপা বা কংগ্রেস প্রকাশ্যে এই জোটকে গুরুত্ব না দিলেও, পরিসংখ্যান বলছে অখিলেশদের চিন্তার যথেষ্ট কারণ রয়েছে। ২০২২ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, উত্তরপ্রদেশে এমন ৫৮টি আসন ছিল যেখানে বিজেপি প্রার্থীরা দ্বিতীয় স্থানে থেকে পরাজিত হয়েছিলেন।
এর মধ্যে সিরাথু আসনে উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য পল্লবী পটেলের কাছে ৭,৩৩৭ ভোটে হেরেছিলেন। ইটাওয়া আসনে বিরোধী দলনেতা মাতা প্রসাদ পাণ্ডের কাছে বিজেপি প্রার্থী হেরেছিলেন মাত্র ১,৬৬২ ভোটে। এ ছাড়া চাঁদপুর, রামনগর, ইসৌলি, দিবিয়াপুর এবং ডুমারিয়াগঞ্জের মতো আসনগুলিতে বিজেপির পরাজয়ের ব্যবধান ছিল মাত্র ২৩৪ থেকে ৭৭১ ভোটের মধ্যে।
পরিসংখ্যানবিদদের মতে, এই ৫৮টি আসনেই জয়-পরাজয় নির্ধারণে মুসলিম, দলিত এবং অনগ্রসর শ্রেণির ভোট বড় ভূমিকা নিয়েছিল। ২০২৭-এর নির্বাচনে ওয়েইসি-চন্দ্রশেখরের জোটের প্রার্থীরা যদি এই আসনগুলিতে ৫,০০০ বা তার বেশি ভোট কাটতে পারেন, তবে তা বিরোধী ভোটব্যাঙ্কে বড়সড় ফাটল ধরাবে।
তৃতীয় ফ্রন্টের প্রার্থীরা জিততে না পারলেও বা জামানত জব্দ হলেও, তাঁদের প্রাপ্ত ভোট জয়-পরাজয়ের ব্যবধান বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তা ছাড়া ২০২২ সালের তুলনায় বর্তমানে রাজ্যের রাজনৈতিক মানচিত্রও অনেকটা বদলে গিয়েছে।
গত নির্বাচনে জয়ন্ত চৌধুরীর রাষ্ট্রীয় লোক দল (আরএলডি) এবং ওমপ্রকাশ রাজভরের সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি (এসবিএসপি) সপা জোটের সঙ্গে ছিল, যারা এখন বিজেপির শরিক। ফলে পশ্চিম উত্তরপ্রদেশে জাঠ ভোট এবং পূর্বাঞ্চলে রাজভর ভোটের সমীকরণ ইতিমধ্যেই বদলেছে।
এই পরিস্থিতিতে দলিত ও মুসলিম ভোটের একাংশও যদি তৃতীয় ফ্রন্টের দিকে সরে যায়, তবে ২০২৭-এর লড়াইয়ে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের অঙ্ক যে বেশ কঠিন হয়ে উঠবে, তা বলাই বাহুল্য।
Leave a comment