•
Home দেশ প্রতিবেশীর দেওয়া রসগোল্লা মুখে দিতেই বিকট বিস্ফোরণ!ছিন্নভিন্ন হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
দেশ

প্রতিবেশীর দেওয়া রসগোল্লা মুখে দিতেই বিকট বিস্ফোরণ!ছিন্নভিন্ন হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

Share
হিডেন স্টোরিজ নিউজ
প্রতীকী ছবি
Share

ডিন্ডৌরি: মিষ্টির লোভ দেখিয়ে রসগোল্লার ভেতরে বুনো শুয়োর মারার দেশি বোমা লুকিয়ে খাইয়ে এক যুবকের নির্মমভাবে প্রাণ কেড়ে নেওয়ার ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। মধ্যপ্রদেশের ডিন্ডৌরি জেলার কোতয়ালি থানার অন্তর্গত পড়রিয়া ছাঁটা গ্রামে ঘটা এই মর্মান্তিক হত্যাকাণ্ডে নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই এই ভয়াবহ কান্ডের মূল অভিযুক্ত প্রতিবেশী রামভগৎ বরৌতিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিষ্টি খাওয়ার ছলে রাজেন্দ্র বরৌতিয়া নামের ৩৫ বছর বয়সি ওই যুবককে যেভাবে ঠান্ডা মাথায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, তা দেখে শিহরিত হয়ে উঠছেন স্থানীয় বাসিন্দারাও।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার রাত আটটা নাগাদ রাতের খাওয়াদাওয়া সেরে বাড়ির উঠোনে আগুন জ্বালিয়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বসে হাত-পা সেঁকছিলেন রাজেন্দ্র। ঠিক সেই মুহূর্তেই তাঁদের পাড়ার বাসিন্দা রামভগৎ বরৌতিয়া সেখানে এসে উপস্থিত হন এবং রাজেন্দ্রের পাশে বসে স্বাভাবিকভাবেই গল্পগুজব শুরু করেন। ডিন্ডৌরি কোতয়ালি থানার ইনস্পেক্টর দুর্গাপ্রসাদ নাগপুরে জানিয়েছেন যে, খোশগল্পের মাঝেই রামভগৎ রাজেন্দ্রের হাতে একটি রসগোল্লা তুলে দেন। সরল মনে রাজেন্দ্র সেই মিষ্টিতে কামড় বসানোমাত্র তাঁর মুখের ভেতরেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আর তাতেই মারাত্মকভাবে ছিন্নভিন্ন হয়ে যায় ওই যুবকের মুখ ও চোয়াল।

আরও পড়ুন : আইআইটি রুরকির হস্টেলে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার

বিস্ফোরণের তীব্রতায় রক্তে ভেসে যায় চারপাশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তৎক্ষণাৎ রক্তাক্ত ও গুরুতর জখম রাজেন্দ্রকে একটি অটোয় করে ডিন্ডৌরি জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি, হাসপাতালে চিকিৎসা চলাকালীনই কয়েক ঘণ্টা পরে মর্মান্তিক মৃত্যু হয় তাঁর। উল্লেখ্য, বুনো শুয়োর বা অন্যান্য বন্যপ্রাণী শিকার করার জন্য অপরাধীরা প্রায়শই এই ধরনের দেশি বিস্ফোরক ব্যবহার করে থাকে। সাধারণত সামান্য চাপ বা স্পর্শ লাগলেই বিস্ফোরকটি ফেটে যায় এবং এর অভিঘাত এতটাই ভয়াবহ হয় যে নিমেষেই প্রাণহানি ঘটতে পারে।

এই নৃশংস ঘটনার পরই ডিন্ডৌরি কোতয়ালি থানায় ধৃত রামভগতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ নম্বর ধারা অর্থাৎ অনিচ্ছাকৃত মৃত্যু ঘটানো যা খুনের শামিল নয়, এবং বিস্ফোরক পদার্থ আইনের ৩ ও ৪ নম্বর ধারায় একটি সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। ঠিক কী উদ্দেশ্যে ওই যুবককে বিস্ফোরক মেশানো মিষ্টি খাওয়ানো হল এবং অভিযুক্ত কোথা থেকে ওই দেশি বোমা সংগ্রহ করেছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই হত্যাকাণ্ডের নেপথ্যে পুরনো কোনো শত্রুতা রয়েছে নাকি অন্য কোনো গভীর ষড়যন্ত্র কাজ করছে এবং এর পেছনে আরও কেউ জড়িত আছে কি না, তা জানতে পুলিশ ধৃতকে জেরা করে জোরকদমে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *