কলকাতা: ভারতীয় সিনেমার বাজার আর দেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। দেশ ছাড়িয়ে বিদেশেও রমরমিয়ে ব্যবসা করছে ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’। রণবীর কাপুর ও যশ অভিনীত এই ছবি ঘিরে দর্শকের উন্মাদনা ছিল তুঙ্গে। তবে, ছবির সাফল্য এবার ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক স্তরেও। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশে ছবির ব্যবসার পরিসংখ্যান নজর কেড়েছে। যে দেশগুলিতে ভারতীয় ছবির আয় কয়েক লক্ষ টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেখানেই ‘রামায়ণ’ কোটি টাকার অঙ্ক পেরিয়ে রেকর্ড গড়েছে।
ছবিটির পরিচালনা করেছেন নীতেশ তিওয়ারি। মুক্তির মাত্র আট দিনের মধ্যেই বিশ্বজুড়ে হাজার কোটি টাকার ব্যবসা করেছে রামায়ণ। ভারতীয় ছবির বক্স অফিসে এটি তৃতীয় দ্রুততম হাজার কোটির মাইলফলক ছোঁয়ার নজির। ছবির সাফল্যে বড় ভূমিকা নিয়েছে বিদেশের দর্শকদের আগ্রহ। এর পিছনে রামায়ণ মহাকাব্যের সঙ্গে কয়েকটি দেশের দীর্ঘ সাংস্কৃতিক যোগসূত্রকেও অনেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।
থাইল্যান্ডে রামায়ণের নিজস্ব সংস্করণ ‘রামাকিয়েন’ অত্যন্ত পরিচিত। ফলে রামকে ঘিরে তৈরি এই ছবি ঘিরে দর্শকদের আগ্রহ থাকবেই। মুক্তির মাত্র আট দিনে থাইল্যান্ডে প্রায় ৯ কোটি টাকার ব্যবসা করেছে ‘রামায়ণ’। এর আগে কোনও ছবির ক্ষেত্রেই এই সাফল্য দেখা যায়নি।
কম্বোডিয়াতেও রামায়ণের পরিচিতি বেশ পুরনো। সেখানে মহাকাব্যটি ‘রিমকার’ নামে পরিচিত এবং স্কুলের পাঠ্যক্রমেও তার উল্লেখ রয়েছে। এখনও পর্যন্ত কম্বোডিয়ায় প্রায় দেড় লক্ষ ডলারের ব্যবসা করেছে রণবীর-যশের ছবি। মালয়েশিয়াতেও ছবির আয় ছুঁয়েছে প্রায় ৮ কোটি টাকা।
ভিয়েতনামের বাজারের পরিসংখ্যান দেখার মতো। ‘রামায়ণ’ মুক্তির আট দিনের মধ্যেই সেই অঙ্ক দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি টাকায়। অন্যদিকে, ইন্দোনেশিয়াতেও ছবির শুরুটা বেশ ভাল। মুক্তির মাত্র দু’দিনের মধ্যেই সেখানে এক কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।
বাল্মিকির রামায়ণে নেপাল এবং শ্রীলঙ্কার একাধিক স্থানের উল্লেখ রয়েছে, তাই এই দুই দেশে দর্শকদের আগ্রহও তুঙ্গে। নেপালে এখনও পর্যন্ত প্রায় ৮ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। যদিও শ্রীলঙ্কার বক্স অফিসের নির্দিষ্ট পরিসংখ্যান সামনে আসেনি। অন্যদিকে, ভারতের বাজারে ছবিটির আয় এখনও পর্যন্ত প্রায় ৫৬৪ কোটি টাকা।
Leave a comment