•
Home Top-News বিজেপি নিয়ে ঢোঁক গিললেন রত্না, আস্থা শুভেন্দু-শমীকে
Top-Newsকলকাতা

বিজেপি নিয়ে ঢোঁক গিললেন রত্না, আস্থা শুভেন্দু-শমীকে

Share
পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ।
Share

পানিহাটি: বিজেপির অন্দরের কোন্দলে সক্রিয় কর্মী অরূপ সাহার মৃত্যুর পর শোকস্তব্ধ পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে কেঁদে ফেলেছিলেন পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। আবেগের বশে বলে ফেলেছিলেন, “বিজেপি যদি না জিতত তা হলেই মনে হয় ভাল হত, প্রাণ যেত না কোনও।” 

তাঁর সেই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল শুরু হয়। প্রবল অস্বস্তিতে পড়ে শাসকদল বিজেপিও। শেষ পর্যন্ত বিতর্কের আঁচ সামাল দিতে এবং বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে নিজের অবস্থান স্পষ্ট করতে সোমবার লিখিত বিবৃতি দিলেন রত্না। 

তাঁর দাবি, বক্তব্যের একটি নির্দিষ্ট অংশকে মূল প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে ভুল ব্যাখ্যা ছড়ানো হচ্ছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের নেতৃত্বের প্রতি নিজের ‘১০০ শতাংশ’ আস্থা ও আনুগত্যের কথা দ্ব্যর্থহীন ভাষায় ব্যক্ত করেছেন তিনি।

গত শনিবার রাতে পানিহাটি-১ নম্বর মণ্ডলের বিজেপি সম্পাদক রুমা সাহা বাড়ি ফেরার পথে বাজার এলাকায় এক ব্যবসায়ীকে মারধরের ঘটনার প্রতিবাদ করেন। পরে বিবাদ মেটাতে ঘটনাস্থলে পৌঁছন রুমার স্বামী, বিজেপি কর্মী অরূপ সাহা। 

অভিযোগ, বিজেপিরই ‘নব্য’ গোষ্ঠীর কয়েক জন যুবক অরূপের বুকে সজোরে ধাক্কা মারে। রাতেই অসুস্থ হয়ে পড়লে তাঁকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং রবিবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়।

এই ঘটনার পর রবিবার অরূপের বাড়িতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বিধায়ক রত্না দেবনাথ। নিজের কন্যা হারানোর যন্ত্রণার কথা টেনে তিনি ‘বিজেপি না জিতলেই ভাল হত’ বলে মন্তব্য করেন। পাশাপাশি, প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ জামিনে জেল থেকে বেরোনোর পর এলাকায় সক্রিয় হয়েছেন এবং বিজেপিরই কিছু লোক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও বিস্ফোরক অভিযোগ তোলেন রত্না। শাসকদলের বিধায়কের মুখে এমন কথা শুনে বিরোধী শিবির যেমন কটাক্ষ শানাতে শুরু করে, তেমনই দলের অন্দরেও শুরু হয় তীব্র গুঞ্জন।

সেই ‘বিভ্রান্তি’ কাটাতেই সোমবার ‘আমার সাম্প্রতিক বক্তব্যের ভুল ব্যাখ্যা ও বিভ্রান্তি প্রসঙ্গে’ শীর্ষক একটি লিখিত বিবৃতি প্রকাশ করেন রত্না। বিবৃতিতে তিনি লেখেন, “সম্প্রতি আমার একটি বক্তব্যকে কেন্দ্র করে যে বিতর্ক ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, সে বিষয়ে আমি আমার অবস্থান স্পষ্ট করতে চাই। আমার বক্তব্যের একটি অংশকে তার মূল প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে, যার ফলে ভুল বার্তা পৌঁছেছে। আমি স্পষ্ট ভাবে জানাতে চাই, বিজেপি ক্ষমতায় না এলেই ভাল হত, এমন কোনও অভিপ্রায় বা মনোভাব আমার বক্তব্যে ছিল না। আমার কথার প্রকৃত অর্থকে বিকৃত করে যে ব্যাখ্যা করা হচ্ছে, তা অনভিপ্রেত।”

দলের প্রতি নিজের আনুগত্যে যে কোনও চিড় ধরেনি, তা প্রমাণ করতে বিবৃতিতে শীর্ষ নেতৃত্বের নাম উল্লেখ করে রত্না লিখেছেন, “ভারতীয় জনতা পার্টির একজন নির্বাচিত বিধায়ক হিসেবে আমি দল, সংগঠন এবং দলের আদর্শের প্রতি সম্পূর্ণ আস্থাশীল ও প্রতিশ্রুতিবদ্ধ। আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বের প্রতি ১০০ শতাংশ আস্থাশীল। একই সঙ্গে সম্মানীয় রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ দলের সমস্ত নেতৃত্বের প্রতি আমার পূর্ণ আস্থা ও শ্রদ্ধা রয়েছে।”

সংবাদমাধ্যমের উদ্দেশেও রত্না অনুরোধ জানিয়েছেন, তাঁর বক্তব্যকে যেন খণ্ডিত ভাবে না দেখে সামগ্রিক প্রেক্ষাপটে বিচার করা হয়। বিবৃতির শেষে তিনি ফের দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, তাঁর রাজনৈতিক অবস্থানের অতীতে কোনও পরিবর্তন হয়নি এবং আগামী দিনেও তিনি নিষ্ঠার সঙ্গে বিজেপির সংগঠন ও জনসেবার কাজেই ব্রতী থাকবেন। রাজনৈতিক মহলের মতে, দলীয় কর্মীর মৃত্যু ঘিরে শাসকদলের অন্দরের যে ফাটল প্রকাশ্যে চলে এসেছিল, রত্নার এই বিবৃতি আসলে সেই ক্ষতে প্রলেপ দেওয়ারই একটি মরিয়া প্রচেষ্টা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *