ওয়াশিংটন: গত কয়েক দিনে বিশ্ব জুড়ে মাইক্রোসফ্টের পরিষেবা স্তব্ধ হওয়া এবং আমেরিকার আকাশপথে বিমান বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই এ বার বড়সড় প্রযুক্তিগত ধাক্কা লাগল মার্কিন ব্যাঙ্কিং পরিষেবায়!
সফ্টঅয়্যারের যান্ত্রিক ত্রুটি বা ‘বাগ’-এর জেরে সোমবার সাময়িক ভাবে অচল হয়ে পড়ল আমেরিকার বৃহত্তম ব্যাঙ্ক জেপি মর্গ্যান চেজ়ের লেনদেন। অনলাইন ও মোবাইল ব্যাঙ্কিংয়ের পাশাপাশি ব্যাঙ্কের শাখাতে গিয়েও টাকা জমা দেওয়া বা তোলার কাজ করতে না পেরে চরম ভোগান্তির মুখে পড়েন লক্ষ লক্ষ গ্রাহক।
শুধু চেজ় ব্যাঙ্কই নয়, এই বিভ্রাটের আঁচ ছড়িয়ে পড়ে ব্যাঙ্ক অফ আমেরিকা, ওয়েলস ফার্গো, ইউএস ব্যাঙ্ক এবং ট্রুইস্টের মতো প্রথম সারির আর্থিক প্রতিষ্ঠানগুলিতেও। যদিও সোমবার সন্ধ্যার মধ্যে যান্ত্রিক গোলযোগ মিটিয়ে পরিষেবা স্বাভাবিক করা হয়েছে বলে দাবি করেছে চেজ় কর্তৃপক্ষ।
বিভ্রাট নজরদারি সংস্থা ‘ডাউনডিটেক্টর’-এর তথ্য অনুযায়ী, সোমবার স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ জেপি মর্গ্যান চেজ়ের পরিষেবা নিয়ে সাড়ে চার হাজারের মতো অভিযোগ জমা পড়ে। দুপুর ২টো ২২ মিনিটের মধ্যে সেই সংখ্যা একলাফে ২০ হাজারের গণ্ডি পেরিয়ে যায়।
গ্রাহকদের অভিযোগ, তাঁরা অ্যাকাউন্টে লগ-ইন করতে, ব্যালান্স দেখতে কিংবা টাকা পাঠাতে পারছিলেন না। পাশাপাশি, আমেরিকার জনপ্রিয় পিয়ার-টু-পিয়ার ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক ‘জ়েল’ (Zelle)-এর মাধ্যমেও চেজ় ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা আদানপ্রদান সম্পূর্ণ থমকে যায়।
আরও পড়ুন : চার ঘণ্টা স্তব্ধ মার্কিন আকাশ! ৯/১১-র স্মৃতি উসকে বিপর্যস্ত ১১ হাজার উড়ান
এর জেরেই সমস্যায় পড়েন ব্যাঙ্ক অফ আমেরিকা ও ওয়েলস ফার্গোর মতো অন্য ব্যাঙ্কের গ্রাহকেরাও। ওয়েলস ফার্গো গ্রাহকদের এটিএম বা টেলিফোন ব্যাঙ্কিং ব্যবহারের পরামর্শ দেয়। যদিও ‘জ়েল’ এবং ইউএস ব্যাঙ্ক স্পষ্ট জানিয়ে দেয়, তাদের নিজস্ব সিস্টেম সচল রয়েছে, সমস্যাটি কেবল চেজ় ব্যাঙ্কের সঙ্গে যুক্ত লেনদেনের ক্ষেত্রেই হয়েছে।
সম্প্রতি চিনে তথ্য পাচারের অভিযোগে মার্কিন টেক সংস্থা এনভিডিয়াকে ঘিরে এমনিতেই উত্তাল আমেরিকা। তার মধ্যেই দেশের শীর্ষ ব্যাঙ্কগুলি অচল হয়ে পড়ায় প্রবল সাইবার হামলার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন আমজনতা।
তবে সেই আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দিয়েছে জেপি মর্গ্যান চেজ়। সংবাদমাধ্যম সিএনএন সূত্রে খবর, ব্যাঙ্কের নিজস্ব কম্পিউটার বা ‘অন-প্রেমাইস হার্ডঅয়্যার’ সিস্টেমে আপডেট করার সময়েই অসতর্কতাবশত একটি সফ্টঅয়্যার বাগ ঢুকে পড়ে। ব্যাঙ্কের এক মুখপাত্র বিবৃতি দিয়ে জানিয়েছেন, এর সঙ্গে সাইবার হামলার কোনও যোগ নেই এবং গ্রাহকদের তহবিল সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে।
লক্ষণীয় ভাবে, সোমবারের এই ব্যাঙ্কিং বিপর্যয় নিয়ে টানা তিনটি কাজের দিনে ভয়াবহ প্রযুক্তিগত বিভ্রাটের সাক্ষী থাকল আমেরিকা। গত বৃহস্পতিবার মাইক্রোসফ্টের ‘আউটলুক’, ‘টিম্স’ এবং ‘মাইক্রোসফ্ট ৩৬৫’ পরিষেবা স্তব্ধ হয়ে যাওয়ায় ভারত-সহ বিশ্বের ৭৪টি দেশে ইমেল ও দফতরের কাজকর্ম থমকে গিয়েছিল।
তার পরদিন, শুক্রবার এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের যান্ত্রিক গোলযোগে আমেরিকায় সমস্ত উড়ান সাময়িক ভাবে বন্ধ (গ্রাউন্ড স্টপ) রাখতে বাধ্য হয় ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এর প্রভাব পড়ে দিল্লি-সহ ভারতের বিমান পরিষেবাতেও। আবার সোমবার দুপুরেও কম্পিউটার বিভ্রাটে ইউনাইটেড এয়ারলাইন্সের একাধিক বিমান দেরিতে চলে।
পরপর এই ঘটনাগুলিতে জরুরি প্রযুক্তিগত পরিকাঠামোর নির্ভরযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞেরা। নটরডম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইক চ্যাপল এবং ‘কিউসিকিউর’-এর সিইও রেবেকা ক্রাউথামেরের মতে, ইন্টারনেট ও আন্তঃসংযুক্ত প্রযুক্তির উপর এই বিপুল নির্ভরতা গোটা ব্যবস্থাকে অনেকটা ‘টাইটানিক’ জাহাজের মতো ভঙ্গুর করে তুলেছে। যেখানে একটি ক্ষুদ্র অংশের ত্রুটি মুহূর্তের মধ্যে গোটা দেশের অর্থনীতি ও জনজীবনকে পঙ্গু করে দেওয়ার ক্ষমতা রাখে।
Leave a comment