•
Home লাইফস্টাইল লাউ দিয়ে শুধু তরকারি নয়, বানিয়ে ফেলুন মজাদার পায়েস! রইল সহজ রেসিপি
লাইফস্টাইল

লাউ দিয়ে শুধু তরকারি নয়, বানিয়ে ফেলুন মজাদার পায়েস! রইল সহজ রেসিপি

Share
Hidden Stories News
চটজলদি বানিয়ে ফেলুন লাউয়ের পায়েস। ছবি: সংগৃহীত
Share

কলকাতা: বাঙালি বাড়িতে জন্মদিন হোক কিংবা কোনও শুভ কাজ, শেষ পাতে পায়েস না থাকলে যেন আয়োজনটাই অসম্পূর্ণ থেকে যায়। আমরা সাধারণত গোবিন্দভোগ চাল, দুধ আর চিনি দিয়েই পায়েস বানিয়ে থাকি। তবে একই স্বাদের পায়েস খেতে খেতে একঘেয়েমি লাগতে পারে। তাই স্বাদে বদল আনতে চাইলে এবার একটু অন্যরকম কিছু বানিয়ে দেখতে পারেন। রান্নাঘরের খুব পরিচিত একটি সবজি লাউ। লাউয়ের দিয়ে ডাল, তরকারি তো আমরা কম বেশি সকলেই খেয়েছি। কিন্তু লাউ দিয়ে যে পায়েস তৈরি হয় জানেন? শুনতে অবাক লাগলেও স্বাদে কিন্তু এই পদ বেশ চমকপ্রদ। লাউয়ের হালকা মিষ্টি স্বাদ আর ঘন দুধের মিশেলে তৈরি এই পায়েস শেষ পাতে এনে দেবে নতুনত্ব।

কী কী উপকরণ লাগবে?

লাউয়ের পায়েস বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। লাগবে এক লিটার দুধ, একটি মাঝারি মাপের কচি লাউ, চিনি, পরিমাণমতো ঘি এবং সাজানোর জন্য কাঠবাদাম, পেস্তা ও কাজুবাদাম কুচি। মিষ্টির পরিমাণ নিজের পছন্দমতো কমবেশি করে নিতে পারেন।

আরও পড়ুন: পুরনো সোয়েটারে গুচ্ছ গুচ্ছ রোয়া? ৫ মিনিটেই করুন নতুনের মতো!

কীভাবে তৈরি করবেন?

প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিন। এরপর সরু সরু করে কেটে রাখুন। তারপর কড়াইয়ে ঘি গরম করে তার মধ্যে কেটে রাখা লাউ দিয়ে হালকা আঁচে ভাজতে থাকুন। লাউ থেকে জল বেরোতে শুরু হওয়া পর্যন্ত নাড়াচাড়া চালিয়ে যান। আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। প্রায় ৬-৭ মিনিট পর লাউ কিছুটা নরম হয়ে এলে তার মধ্যে এক লিটার দুধ ঢেলে দিন।

এরপর দুধ ও লাউ ভালো করে মিশিয়ে কম আঁচ কমিয়ে কড়াই ঢেকে রান্না হতে দিন। দুধ ধীরে ধীরে ঘন হয়ে আসতে থাকলে ঘন ঘন খুন্তি দিয়ে নাড়তে থাকুন। এতে পায়েস কড়াইয়ের তলায় লেগে যাবে না।লাউ পুরোপুরি সেদ্ধ হয়ে দুধ ঘন ক্ষীরের মতো হয়ে এলে তাতে চিনি যোগ করুন। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করুন।

সবশেষে ওপর থেকে কাঠবাদাম, পেস্তা ও কাজুবাদাম কুচি ছড়িয়ে দিন। অন্য স্বাদের লাউয়ের পায়েস তৈরি। গরম গরম পরিবেশন করতে পারেন, আবার ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। জন্মদিন কিংবা বাড়ির বিশেষ অনুষ্ঠানে চেনা পায়েসের বদলে এই পদ পরিবেশন করলে সকলেই চেটেপুটে খাবেন। 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *