হাওড়া: বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় ‘আকভান’-এর পরোক্ষ প্রভাবে একটানা প্রবল বর্ষণে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়ল হাওড়ার জনজীবন। শুক্রবার সকাল থেকেই হাওড়া শহর, বালি, বেলুড়, লিলুয়া-সহ জেলার বিস্তীর্ণ অংশে নাগাড়ে বৃষ্টি শুরু হওয়ায় ফের এক বার বেআব্রু হয়ে পড়ল নিকাশি ব্যবস্থার বেহাল দশা। মধ্য ও দক্ষিণ হাওড়ার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার পাশাপাশি হাঁটুসমান জল জমে গিয়েছে ঐতিহ্যবাহী গ্র্যান্ড ট্রাঙ্ক রোড (জিটি রোড)-এর সালকিয়া এলাকাতেও।
তবে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে বেলুড় আন্ডারপাস এবং লিলুয়া বড় গেট চত্বরে। আন্ডারপাস পুরোপুরি জলের তলায় চলে যাওয়ায় যাতায়াত কার্যত স্তব্ধ হয়ে পড়েছে এবং বাধ্য হয়েই জীবনের চরম ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করছেন অসংখ্য নিত্যযাত্রী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে শুরু হওয়া ভারী বৃষ্টিতে বেলুড় আন্ডারপাসে কোমরসমান জল জমে গিয়েছে। এর ফলে বালি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের সঙ্গে পঞ্চায়েত এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার জোগাড় হয়েছে।
আন্ডারপাস দিয়ে যাতায়াত অসম্ভব হয়ে পড়ায় বহু মানুষকে জমা জল পেরিয়ে কোনও মতে গন্তব্যে পৌঁছতে দেখা যায়। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন প্রবীণ নাগরিকেরা। স্থানীয় ষাটোর্ধ্ব ও সত্তরোর্ধ্ব বাসিন্দাদের ক্ষোভ, তাঁদের পক্ষে ফুট ওভারব্রিজের এত উঁচু সিঁড়ি ভেঙে ওঠানামা করা কার্যত অসম্ভব। তাই প্রাণের ঝুঁকি জেনেও অনেককে রেললাইনের উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। প্রবীণদের জোরালো দাবি, বেলুড় আন্ডারপাসের জল জমার সমস্যার স্থায়ী সমাধান করার পাশাপাশি অবিলম্বে এখানে এসকেলেটর বসানোর ব্যবস্থা করুক প্রশাসন।
অন্য দিকে, বৃষ্টি শুরু হতেই পুরনো যন্ত্রণার ছবি ফিরে এসেছে লিলুয়া বড় গেট সংলগ্ন এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকায় জল জমা রুখতে সম্প্রতি রাস্তা উঁচু করা এবং মেরামতির কাজ করা হয়েছিল। কিন্তু ‘আকভানে’র এক দিনের বৃষ্টিতেই প্রমাণ হয়ে গেল, সেই কাজ আদতে কোনও কাজে আসেনি।
এ দিন সকাল থেকেই লিলুয়া বড় গেটের সামনে হাঁটুসমান জল জমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন পথচারী ও যানবাহন চালকেরা। একই ভাবে জিটি রোডের সালকিয়া-সহ একাধিক জায়গায় জল জমে যাওয়ায় সকাল থেকে যান চলাচল অত্যন্ত মন্থর হয়ে পড়ে এবং অফিসযাত্রীরা বিপাকে পড়েন।
মধ্য ও দক্ষিণ হাওড়ার নিচু এলাকাগুলিতেও বৃষ্টির জল জমে বহু রাস্তায় যান চলাচল ব্যাহত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সকাল থেকেই ময়দানে নেমেছে হাওড়া পুরসভা। পুরসভা সূত্রে খবর, জলমগ্ন এলাকাগুলি থেকে দ্রুত জল বের করার জন্য একাধিক পাম্প বসানো হয়েছে এবং পুরকর্মীরা বিভিন্ন ওয়ার্ডে ঘুরে নিকাশি নালা পরিষ্কারের কাজ করছেন। প্রশাসনের তরফেও গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।
তবে সাময়িক পাম্প চালিয়ে জল নামানোর চেষ্টায় একেবারেই সন্তুষ্ট নন হাওড়াবাসী। নাগরিকদের বক্তব্য, প্রতি বছর বর্ষা বা ঘূর্ণিঝড়ের দুর্যোগ এলেই শহরের এই চেনা ছবি ফিরে আসে। লক্ষ লক্ষ টাকা খরচ করে রাস্তা মেরামতি বা সাময়িক ব্যবস্থা নেওয়ার বদলে নিকাশি ব্যবস্থার আমূল সংস্কার ও স্থায়ী সমাধান না হলে হাওড়ার এই জল-যন্ত্রণা কিছুতেই মিটবে না।
Leave a comment