নয়া দিল্লি: নিটকাণ্ডে উত্তাল হয়ে উঠেছিল রাজধানী দিল্লি-সহ গোটা দেশ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন বিক্ষোভ শুরু হয়েছিল। কার্যত ইস্তফা দিতে বাধ্য হন শিক্ষামন্ত্রী। সেই নিট-ইউজি ২০২৬ প্রশ্নফাঁস মামলায় বড় পদক্ষেপ নিল আদালত। শনিবার দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে এই মামলায় ১৪ জন অভিযুক্তের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করা হয়েছে।
বিশেষ বিচারক অজয় গুপ্তের এজলাসে মামলার শুনানি হয়। সেই সময় প্রত্যেক অভিযুক্তই নিজেদের নির্দোষ বলে দাবি করেন। তবে বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হতে তাঁরা সম্মত হয়েছেন। এর আগে গত ১৮ নভেম্বর অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিয়েছিলেন বিশেষ বিচারক। সেই মতো ২১ নভেম্বর দিনটি নির্ধারিত হয়। বিচারবিভাগীয় হেফাজতে থাকা সমস্ত অভিযুক্তকে এদিন আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মতোই শনিবার তাঁদের উপস্থিতিতে চার্জ গঠন করা হয়।
আরও পড়ুন: নীতীশের নামে সেতু, উদ্বোধনে গামছা ওড়ালেন মোদী! নামকরণ ঘিরে খোঁচা তেজস্বীর
অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক অভিযোগে আদালত চার্জ গঠন করেছে। তালিকায় রয়েছে ষড়যন্ত্র, প্রতারণা, এবং তথ্যপ্রমাণ নষ্ট করার মতো অভিযোগ। পাশাপাশি দুর্নীতি দমন আইন এবং পাবলিক এগজামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) আইন, ২০২৪-এর বিভিন্ন ধারাতেও তাঁদের বিচার হবে। যুক্ত হয়েছে কপিরাইট আইনের ৬৩ নম্বর ধারাও।
এই মামলায় সিবিআই দু’টি পৃথক চার্জশিট জমা দিয়েছে। গত ২৮ জুলাই প্রথম চার্জশিট জমা পড়েছিল। সেখানে ১৩ জনের নাম ছিল। তাঁদের মধ্যে ছিলেন ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র সঙ্গে যুক্ত তিন বিশেষজ্ঞ। তাঁরা হলেন জীববিদ্যার মনীষা গুরুনাথ মান্ধরে, রসায়নের প্রহ্লাদ বিঠ্ঠলরাও কুলকার্নি এবং পদার্থবিদ্যার মনীষা সঞ্জয় হবলদার। এছাড়াও একটি কোচিং সংস্থার সঙ্গে যুক্ত দু’জন এবং কয়েক জন মধ্যস্থতাকারী ওই তালিকায় ছিলেন।
পরে ১৪ অক্টোবর মামলার তদন্তে আরও একটি চার্জশিট জমা দেয় সিবিআই। আর সেখানেই উঠে আসে ১৪তম অভিযুক্তের নাম। তিনি হলেন মহারাষ্ট্রের নান্দেড়ের বাসিন্দা শেষরাও বজরং সূর্যবংশী ওরফে রাজ সূর্যবংশীর। সবশেষে এই মামলায় মোট ১৪ জন অভিযুক্ত হলেন যশ যাদব, মাঙ্গিলাল বিওয়াল, দীনেশ বিওয়াল, বিকাশ বিওয়াল, শুভম খায়েরনার, ধনঞ্জয় লোখন্ডে, প্রহ্লাদ কুলকার্নি, তেজস হর্ষদ কুমার, মনোজ শিরুরে, শিবরাজ রঘুনাথ মোটেগাঁওকর, মনীষা ওয়াঘমারে, মনীষা মান্ধরে, শেষরাও বজরং সূর্যবংশী এবং মনীষা সঞ্জয় হবলদার।
Leave a comment