•
Home Top-News বাথরুম থেকে হাওয়া! চোর পালাল দুর্গাপুরের থানা থেকে
Top-Newsপশ্চিমবঙ্গ

বাথরুম থেকে হাওয়া! চোর পালাল দুর্গাপুরের থানা থেকে

Share
এই সেই বাথরুমের জ্বানলা। নিজস্ব ছবি
Share

দুর্গাপুর: কড়া পুলিশি প্রহরা ও নজরদারিকে বুড়ো আঙুল দেখিয়ে খোদ থানার ভিতর থেকেই বাথরুমের জানলা গলে চম্পট দিল গাড়ি চুরির অভিযোগে ধৃত এক অভিযুক্ত! 

পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চল দুর্গাপুরের কোকওভেন থানার এই নজিরবিহীন ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ মহল ও সাধারণ মানুষের মধ্যে। পুলিশ হেফাজত থেকে অভিযুক্তের এমন ফিল্মি কায়দায় পলায়নের খবর পৌঁছতেই তড়িঘড়ি কোকওভেন থানায় ছুটে আসেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের শীর্ষ আধিকারিকেরা।

থানার নিরাপত্তা ব্যবস্থা এবং কর্তব্যরত পুলিশকর্মীদের গাফিলতি নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। পলাতক অভিযুক্তকে ফের জালে তুলতে দুর্গাপুর-সহ পার্শ্ববর্তী এলাকা এবং জেলা সীমানাগুলিতে জোরদার নাকা তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পলাতক ওই অভিযুক্তের নাম মনোজ চক্রবর্তী। তাঁর আদি বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার সীমান্তবর্তী বাগদা এলাকায়। সম্প্রতি দুর্গাপুর স্টেশন সংলগ্ন ব্যস্ত গাড়ি স্ট্যান্ড থেকে একটি টাটা সুমো গাড়ি চুরি যাওয়ার অভিযোগ দায়ের হয়েছিল কোকওভেন থানায়। 

আরও পড়ুন: গুরুতর অসুস্থ রেখা! কলকাতার হাসপাতালে ভর্তি বিধায়ক

অভিযোগ পাওয়ার পরই তদন্তে নেমে আধুনিক প্রযুক্তির সাহায্য ও গোপন সূত্রের খবরের ভিত্তিতে ভিন্‌রাজ্যে অভিযান চালায় কোকওভেন থানার পুলিশের একটি বিশেষ দল। উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া টাটা সুমো গাড়িটি উদ্ধার করতে সক্ষম হন তদন্তকারীরা। পাশাপাশি, শুক্রবার রাতে বিহারের ঔরঙ্গাবাদ এলাকা থেকে মূল অভিযুক্ত মনোজ চক্রবর্তীকে গ্রেফতার করে দুর্গাপুরে নিয়ে আসা হয়।

আদালতে পেশ করার আগে অভিযুক্তকে কোকওভেন থানার লক-আপে রাখা হয়েছিল। কিন্তু অভিযোগ, থানার ভিতরে থাকাকালীন শৌচাগারে যাওয়ার নাম করে কর্তব্যরত পুলিশকর্মীদের নজর এড়িয়ে বাথরুমের জানলা দিয়ে বাইরে বেরিয়ে চম্পট দেয় মনোজ। 

বেশ কিছু ক্ষণ পর পুলিশকর্মীরা বিষয়টি টের পেতেই থানা চত্বরে রীতিমতো হুলস্থুল পড়ে যায়। আশপাশের এলাকায় তল্লাশি চালিয়েও তাৎক্ষণিক ভাবে তার কোনও হদিস মেলেনি।

এই খবর চাউর হতেই অস্বস্তিতে পড়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। ঘটনার গুরুত্ব বিচার করে দ্রুত কোকওভেন থানায় পৌঁছন কমিশনারেটের পদস্থ কর্তারা। থানার ভিতরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি বাথরুমের জানলাটি কী অবস্থায় ছিল এবং সেই সময় কারা পাহারার দায়িত্বে ছিলেন, তা সরেজমিনে খতিয়ে দেখেন আধিকারিকেরা।

এক দিকে চুরি যাওয়া গাড়ি ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করে এবং ভিন্‌রাজ্য থেকে অভিযুক্তকে পাকড়াও করে যে সাফল্য অর্জন করেছিল কোকওভেন থানার পুলিশ, থানার ভিতর থেকে অভিযুক্ত পালিয়ে যাওয়ায় সেই সাফল্য এক নিমেষে ম্লান হয়ে গেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

থানায় ঢুকে অভিযুক্ত কী ভাবে জানলা দিয়ে পালানোর সুযোগ পেল, এর পিছনে কর্তব্যরত পুলিশকর্মীদের চরম গাফিলতি ছিল কি না, তা নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে কমিশনারেট। আপাতত বাগদার ঠিকানা-সহ বিভিন্ন সম্ভাব্য ডেরায় হানা দিয়ে পলাতক মনোজ চক্রবর্তীকে ধরতে মরিয়া পুলিশ প্রশাসন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *