কলকাতা:নভেম্বরের শেষ সপ্তাহে এসে আবহাওয়ার বড়সড় বদলের ইঙ্গিত বাংলায়। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব কাটতে শুরু করেছে। গত কয়েকদিনের বৃষ্টি ও মেঘলা আকাশের জেরে দিনের তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় বেশ খানিকটা নেমেছে। এবার রাতের তাপমাত্রাতেও বড়সড় পতনের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আগামী কয়েকদিনের মধ্যেই ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। ফলে শীতের আমেজ আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর অবশিষ্টাংশ উত্তর ছত্তিশগড় ও সংলগ্ন এলাকায় নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। তবে এর প্রভাব অনেকটাই কমে এসেছে।
আরো পড়ুন:শক্তি হারাচ্ছে আকভান, কলকাতায় কমল বৃষ্টি! ফিরবে কি শীতের আমেজ?
রবিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং দুই বর্ধমানের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

সোমবারও দক্ষিণবঙ্গের কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে মঙ্গলবার, অর্থাৎ ২৪ নভেম্বর থেকে আবহাওয়া সম্পূর্ণ শুষ্ক হয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। এরপর টানা কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও রবিবার ও সোমবার দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া ফিরে আসবে।
Leave a comment