•
Home Top-News ‘পঞ্চায়েত ৫’-এর পর বড়পর্দায় সচিবজি! বড় ইঙ্গিত নির্মাতাদের
Top-Newsবিনোদন

‘পঞ্চায়েত ৫’-এর পর বড়পর্দায় সচিবজি! বড় ইঙ্গিত নির্মাতাদের

Share
Hidden Stories News
পঞ্চায়েত ৫। ছবি: সংগৃহীত
Share

মুম্বই: পরপর চারটি সফল সিজনের পর আবারও নতুন করে দর্শকের কাছে ফিরছে ‘পঞ্চায়েত’। আগামী ৩ ডিসেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ‘পঞ্চায়েত ৫’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে পঞ্চম সিজনের ট্রেলার। আর তা ঘিরেই দর্শকের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে। শুধু নতুন সিজন নয়, এবার ‘পঞ্চায়েত’কে ঘিরে আরও বড় পরিকল্পনার ইঙ্গিত দিল সিরিজের নির্মাতারা। ওটিটির গণ্ডি পেরিয়ে এবার কি বড়পর্দায় দেখা যাবে ফুলেরা গ্রামকে? সেই সম্ভাবনাই উসকে দিল ট্রেলার প্রকাশের অনুষ্ঠান।

সোমবার ভোপালে ‘পঞ্চায়েত ৫’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই নির্মাতারা সিরিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন। তাঁরা জানিয়েছেন, জনপ্রিয় ‘মির্জাপুর’ সিরিজের পথেই হাঁটতে পারে ‘পঞ্চায়েত’। এই জনপ্রিয় সিরিজকে ওটিটির মধ্যে সীমাবদ্ধ না রেখে সিনেমার পর্দায় নিয়ে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন নির্মাতারা। উল্লেখ্য, ‘মির্জাপুর: দ্য মুভি’ নিয়ে ইতিমধ্যেই দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। নির্মাতাদের বক্তব্যে ‘পঞ্চায়েত’ নিয়ে তেমনই সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুন: ‘পঞ্চায়েত ৫’-এ প্রেমের জেরেই বিপাকে সচিবজি! ট্রেলারে নতুন কী চমক?

ভোপাল সংলগ্ন মহোদিয়া গ্রামে আয়োজিত অনুষ্ঠানে টিভিএফ-এর প্রেসিডেন্ট বিজয় কোশি জানান, ‘পঞ্চায়েত’কে বড়পর্দায় মুক্তির পরিকল্পনা তাঁদের বহুদিনের। ২০১৬ সাল থেকেই আলোচনা চলছিল। তাঁর কথায়, “প্রত্যেক গল্পকারেরই স্বপ্ন থাকে বড়পর্দায় নিজের গল্প তুলে ধরার। ২০১৬ সালেও আমরা ‘পঞ্চায়েত’কে সিনেমাহলে মুক্তি দেওয়ার কথা ভেবেছিলাম। ‘মির্জাপুর’ কিংবা অন্য কোনও সিরিজের সাফল্য দেখে এই পরিকল্পনা তৈরি হয়নি। বরং বরাবরই চেয়েছি, একদিন এই গল্পকে বড়পর্দায় নিয়ে যেতে।”

তবে কবে নাগাদ এই ছবি তৈরি হতে পারে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে নির্মাতারা এখনও কিছু জানাননি। কিন্তু ট্রেলার ঘিরে দর্শকের যে উন্মাদনা, তা চোখে পড়ার মতো। চতুর্থ সিজনের শেষে ফুলেরার রাজনৈতিক সমীকরণ বদলে যায়। ভোটে জিতে প্রধানের আসনে বসেছে ভূষণের স্ত্রী ক্রান্তিদেবী। নতুন দায়িত্ব পেয়ে ভূষণ যে অভিষেক ও চন্দনকে সহজে রেহাই দেবে না, তার ইঙ্গিত মিলেছে ট্রেলারেই।


সচিবজির ব্যক্তিগত জীবনেও নতুন ঝড় উঠতে চলেছে। রিঙ্কির সঙ্গে তার সম্পর্কের কথা ভূষণ জানতে পেরে যায়। আর সেই খবর পৌঁছে যায় রিঙ্কির বাবা, প্রাক্তন প্রধানজির কাছেও। এবার প্রশ্ন, মেয়ের পছন্দ মেনে নেবেন কি প্রাক্তন প্রধানজি? নাকি অভিষেক-রিঙ্কির প্রেমের পথে অপেক্ষা করছে আরও বাধা? সব মিলিয়ে হাসি, প্রেম আর রাজনৈতিক টানাপোড়েনে ‘পঞ্চায়েত ৫’ দর্শকদের জন্য কী চমক সাজিয়ে রেখেছে, তার উত্তর মিলবে ৩ ডিসেম্বর। 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *